আগরতলা: আসন্ন আগরতলা পুরনিগম নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সকালে ৪৩ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী তথা আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত নির্বাচনী প্রচারে বের হন। ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।প্রচার চলাকালীন এলাকার বাসিন্দাদের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগের কথা শোনেন। ডেপুটি মেয়র হিসেবে গত কয়েক বছরে এলাকার একাধিক রাস্তার উন্নয়ন, পুকুর সংস্কার এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ও ভাতা প্রদানের বিষয়গুলি তুলে ধরেন তিনি।পাশাপাশি আগামী দিনেও এলাকার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখা এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন মনিকা দাস দত্ত। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিগত দিনের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি আগামী দিনের পরিকল্পনার কথাও জানান।