আগরতলা: আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে বৃহস্পতিবার কামারপুকুরের মঠ চৌমুহনী এলাকায় নির্বাচনী জনসভার আয়োজন করে সিপিআই(এম) সদর মহকুমা কমিটি।জনসভায় ইতিমধ্যেই বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা অমল চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতৃত্বরা। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য তথা দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য রাখা বাকি ছিল।এদিকে জনসভা চলাকালীন ওই এলাকায় বিজেপির একটি মিছিল এসে উপস্থিত হয়। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সভাস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। একই সময়ে দুই রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে এলাকায় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের কর্মীরা উপস্থিত ছিলেন।আসন্ন পুর নিগম নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রচার যখন তুঙ্গে, তখন একই এলাকায় দুই দলের কর্মসূচিকে ঘিরে এই পরিস্থিতি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।