আগরতলা, ১১ নভেম্বর:নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি সম্প্রদায়কে নিয়ে কুরুচিপূর্ণ ও সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগ উঠেছে বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে। এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে চারটি ছাত্র ও যুব সংগঠন। বুধবার টিওয়াইএ, এসএফআই, টিএসইউ এবং টিওয়াইএফ-এর প্রতিনিধিরা একত্রিত হয়ে আগরতলার পশ্চিম থানায় বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিওয়াইএফ-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমল দেববর্মা অভিযোগ করেন, ২০১৪ সালে কেন্দ্রীয় স্তরে এবং ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই জাতি, উপজাতি ও ধর্মের ভিত্তিতে রাজনীতি করা হচ্ছে। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের সমর্থন হারানোর আশঙ্কায় সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে।তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের মন্তব্য কোনোভাবেই কাম্য নয়। বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি অবিলম্বে তাঁকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা।অন্যদিকে, সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি বিরোধী দলনেতাকেও অবগত করা হয়েছে। তবে এখনও পর্যন্ত বিধানসভার স্পিকারের কাছে কোনও আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়নি। প্রয়োজন হলে আগামী দিনে স্পিকারের কাছেও বিষয়টি তুলে ধরা হবে বলে জানিয়েছেন তাঁরা।বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে চার ছাত্র ও যুব সংগঠন।