আগরতলা, ১১ নভেম্বর:আগামী ১৫ নভেম্বর বিহারী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ছট পূজা। এই উপলক্ষে আগরতলার ভগৎ সিং রানি পুকুরে প্রতিবছরের মতো এবারও পূজার আয়োজন করা হচ্ছে। ছট পূজাকে কেন্দ্র করে প্রতিবছরই পুকুর চত্বরে প্রচুর ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।ছট পূজার প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে ভগৎ সিং রানি পুকুর পরিদর্শন করেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে পুকুরের সৌন্দর্যায়ন, পরিচ্ছন্নতা, পিঙ্ক টয়লেটসহ একাধিক নাগরিক পরিষেবা ও পরিকাঠামোগত বিষয় খতিয়ে দেখেন তিনি।পূজায় আগত ভক্ত ও সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন এবং প্রয়োজনীয় নাগরিক পরিষেবা পান, সেই বিষয়গুলির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পূজাকে কেন্দ্র করে ঘাটের নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।উল্লেখ্য, ছট পূজা উপলক্ষে প্রতি বছরই ভগৎ সিং রানি পুকুরে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। তাই উৎসবের আগে সমস্ত ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই পরিদর্শন।