খোয়াই, ১৩ নভেম্বর ২০২৬: কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও অনিশ্চয়তাজনিত ঝুঁকি থেকে কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট (TRESP)-এর উদ্যোগে খোয়াই জেলার তুলাশিখর ব্লক কমিউনিটি হল এবং আশারামবাড়ির হীনা CLF কার্যালয়ে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (PMFBY) বিষয়ক দুটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে ১৩টি প্রডিউসার গ্রুপের মোট ১২২ জন কৃষক অংশগ্রহণ করেন। কৃষকদের ফসল বিমার সুবিধা, নাম নথিভুক্তির পদ্ধতি, প্রিমিয়ামের কাঠামো এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষয়ক্ষতি হলে আর্থিক সুরক্ষার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়।TRESP-এর PMU, TSA (FI) এবং তুলাশিখর BPMU-র সমন্বিত উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি গ্রামীণ জীবিকার সামগ্রিক সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ। উৎপাদক গোষ্ঠীগুলিকে আর্থিক সহায়তা, প্রযুক্তিগত পরামর্শ ও উৎপাদন বৃদ্ধির সুযোগ প্রদানের পাশাপাশি সরকারি বিমা ব্যবস্থার সঙ্গে যুক্ত করার এই উদ্যোগ কৃষকদের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা ও জীবিকার স্থায়িত্ব বৃদ্ধিতে সহায়ক হবে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন TRESP-এর কৃষি বিশেষজ্ঞ সুব্রত শিব, তুলাশিখর BDO বিশ্ব দেববর্মা, TCS, TRESP-এর অতিরিক্ত প্রোগ্রাম ম্যানেজার (FI) অভিজিৎ দে, SA কবীর দেববর্মা, কৃষি ক্লাস্টার কো-অর্ডিনেটর বাপটোশ দেববর্মা, TSA (FI)-এর টিম লিডার বিশ্বজিৎ দেবনাথ, জেলা প্রকল্প সমন্বয়কারী হেদায়েতুল্লাহ শেখ এবং বাজাজ জেনারেল ইন্স্যুরেন্সের প্রতিনিধি অমিত দেববর্মা ও সুব্রত শুক্লা দাস।এই উদ্যোগের মধ্য দিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন ভাবনা উঠে এসেছে—TRESP-কে শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়সীমার প্রকল্প হিসেবে না দেখে জনজাতি অধ্যুষিত এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ধারাবাহিক মিশনে পরিণত করা প্রয়োজন। প্রকল্পের মাধ্যমে গড়ে ওঠা প্রডিউসার গ্রুপ, কমিউনিটি প্রতিষ্ঠান, দক্ষতা, জীবিকার সুযোগ এবং সমন্বয় ব্যবস্থাগুলি অত্যন্ত মূল্যবান উন্নয়ন সম্পদ। প্রকল্পের মেয়াদ শেষ হলেও এই প্রতিষ্ঠানগুলির ধারাবাহিক পরিচর্যা, প্রযুক্তিগত সহায়তা এবং প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা বজায় রাখা জরুরি।এই প্রেক্ষাপটে TRESP 2.0-এর ভাবনা বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজ্য সরকারের ধারাবাহিক অঙ্গীকার, বিভিন্ন সরকারি প্রকল্পের সমন্বিত অর্থায়ন এবং প্রাতিষ্ঠানিক সহায়তার মাধ্যমে বর্তমান TRESP-এর সাফল্যকে আরও বিস্তৃত করা সম্ভব। মূল লক্ষ্য হওয়া উচিত, TRESP-এর মাধ্যমে সূচিত উন্নয়নের গতি যেন প্রকল্পের মেয়াদ অতিক্রম করেও অব্যাহত থাকে এবং তা জনজাতি সমাজের আর্থিক ক্ষমতায়ন, স্বনির্ভরতা ও টেকসই জীবিকার দীর্ঘমেয়াদি ভিত্তি হয়ে ওঠে।