নিজস্ব প্রতিনিধি : পুলিশের কাজ শুধু অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা কিংবা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়, সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের মুখে হাসি ফোটানোও যে জনসেবার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, তা আরও একবার প্রমাণ করল গোমতী জেলা পুলিশ প্রশাসন। সরকারি বিভিন্ন দপ্তর, সংস্থা কিংবা স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল জেলা পুলিশের এই বিশেষ উদ্যোগ। চারদিকে যখন উদয়পুরের ঐতিহাসিক মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী দীপাবলি উৎসব ও মেলাকে ঘিরে আনন্দ-উৎসবের আবহ, তখন সমাজের বিশেষভাবে সক্ষম শিশুদের মধ্যেও ছিল মায়ের দর্শন এবং মেলার আনন্দ উপভোগ করার স্বাভাবিক আকাঙ্ক্ষা। কিন্তু শারীরিক নানা প্রতিবন্ধকতার কারণে অনেক সময় সেই ইচ্ছা পূরণ করা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। শিশুদের মনের সেই সুপ্ত ইচ্ছাকে গুরুত্ব দিয়েই এবার মানবিকতার হাত বাড়িয়ে দিল গোমতী জেলা পুলিশ।
দীপাবলি উৎসবকে উপলক্ষ্য করে গোমতী জেলা পুলিশ সুপারের উদ্যোগে মোট ২৫ জন বিশেষভাবে সক্ষম শিশুকে নিয়ে যাওয়া হয় মাতাবাড়ির ঐতিহাসিক মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে। সেখানে প্রত্যেক শিশুকে ত্রিপুরা সুন্দরী মায়ের দর্শন করানোর ব্যবস্থা করা হয়। শুধু মায়ের দর্শন করিয়েই দায়িত্ব শেষ করেনি পুলিশ প্রশাসন। শিশুদের আনন্দ ও উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে তুলতে তাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। পাশাপাশি চকলেট এবং পছন্দের বিভিন্ন খাবারের ব্যবস্থাও করা হয়। এদিন শিশুদের মুখে আনন্দের হাসি, চোখেমুখে উচ্ছ্বাস এবং স্বতঃস্ফূর্ত আনন্দঘন মুহূর্তই যেন এই মানবিক কর্মসূচির সার্থকতা বহন করে।
গোমতী জেলা পুলিশ সুপার অরিন্দম দাস জানান, বিশেষভাবে সক্ষম শিশুদের পাশে দাঁড়ানো এবং তাঁদের জীবনে আনন্দের কিছু সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের প্রত্যেকটি মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই পুলিশের এই ধরনের সামাজিক কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও এই উদ্যোগের মধ্য দিয়ে বার্তা উঠে আসে।
এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর এবং উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়। জানা গেছে, মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়ের একান্ত উদ্যোগ, আন্তরিকতা ও মানবিক চিন্তাভাবনাও এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে। শুধু বিশেষ উৎসব কিংবা আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যেই তাঁর মানবিক উদ্যোগ সীমাবদ্ধ নয়। জানা যায়, সপ্তাহে একদিন তিনি আমতলী অনাথ আশ্রমে গিয়ে শিশুদের পাঠদানও করে থাকেন। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি শিশুদের শিক্ষা ও মানসিক বিকাশে তাঁর এই আন্তরিক প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়।
বর্তমান সময়ে যখন বিভিন্ন সামাজিক ক্ষেত্রে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে, তখন গোমতী জেলা পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা বহন করছে। বিশেষভাবে সক্ষম শিশুরাও যে সমাজের অবিচ্ছেদ্য অংশ, তাঁদেরও রয়েছে স্বপ্ন, ইচ্ছা, আনন্দ ও উৎসব উপভোগ করার সমান অধিকার—এই কথাটিই যেন আরও একবার মনে করিয়ে দিল জেলা পুলিশের এই উদ্যোগ।