নিজস্ব প্রতিনিধি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে ছাই দুটি ফাস্টফুডের দোকান!!সালেমা ও আমবাসা দমকল বিভাগের তৎপরতায় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল একটি বাড়ি!!!আজ সন্ধ্যায় কচুছড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় দুটি ফাস্টফুডের দোকান। পাশাপাশি আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন একটি বাড়িতেও। তবে দমকলকর্মীদের দ্রুত তৎপরতায় বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় বাড়িটি।প্রাথমিকভাবে জানা যায়, একটি ফাস্টফুডের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে দোকানের ভিতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। এরপর আগুন পাশের আরেকটি ফাস্টফুডের দোকানে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে সংলগ্ন একটি বাড়িতেও আগুন লাগে। ঘটনায় বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় সালেমা অগ্নিনির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। পরবর্তীতে আমবাসা অগ্নিনির্বাপক দপ্তরের আরেকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করে। দুই দমকল বিভাগের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।এ বিষয়ে সালেমা অগ্নিনির্বাপক দপ্তরের এক আধিকারিক জানান, অগ্নিকাণ্ডে দুটি ফাস্টফুডের দোকান সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। তবে সংলগ্ন বাড়িটিতে আগুন ছড়িয়ে পড়লেও সেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সালেমা ও আমবাসা দমকল বিভাগের যৌথ প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।দমকলকর্মীদের সময়োপযোগী পদক্ষেপ ও সাহসিকতার ফলে একটি বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেল কচুছড়া বাজারের সংলগ্ন বাড়িটি। তবে দুটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।