নিজস্ব প্রতিনিধি:-এর কর্মীদের গাড়ি চলাচলের কারণে গ্রামীণ রাস্তা ভেঙে বেহাল হয়ে পড়ায় উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার পূর্ব রৌয়া ও জলাবাসা সংযোগস্থলে IGGL প্রজেক্টের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায় প্রায় ৩ বছর আগে চামটিলা জাতীয় সড়ক থেকে জলেবাসাগামী পথের বাম দিকে প্রায় ৫০০ মিটার দূরে IGGL একটি প্রজেক্টের কাজ শুরু করে। প্রজেক্টে প্রবেশের জন্য IGGL নিজেদের খরিদকৃত জমির উপর মাটি ভরাট করে একটি কাঁচা রাস্তা তৈরি করে। কিন্তু প্রায় ২ বছর পেরিয়ে গেলেও সেই রাস্তাটি পাকা করা হয়নি। ফলে IGGL-এর কর্মীরা প্রতিদিন প্রায় ২০-২৫টি গাড়ি নিয়ে প্রজেক্টে যাতায়াতের জন্য পার্শ্ববর্তী ৮ ফুট চওড়া ব্রিক সোলিং গ্রামীণ রাস্তাটি ব্যবহার করছে। গত বছর বর্ষায় রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়। এ বছরও একই অবস্থা হওয়ায় রাস্তাটির বর্তমানে বেহাল দশা। এছাড়াও IGGL-এর তৈরি কাঁচা রাস্তার দুপাশে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পার্শ্ববর্তী কৃষকদের ধান জমি জলে তলিয়ে যাচ্ছে। প্রবল বর্ষণে গ্রামের পুকুরের জল উপচে মাছও পালিয়ে যাচ্ছে। এতে কৃষক ও এলাকাবাসী বিরাট ক্ষতির মুখে পড়েছেন। বিগত বছর থেকেই এলাকাবাসী IGGL কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও কোনো সুরাহা মেলেনি। এমনকি পানিসাগর মহকুমা শাসকও IGGL-কে নির্দেশ দেন নিজেদের জমির উপর রাস্তা তৈরি করে সেটি ব্যবহার করার জন্য এবং গ্রামীণ রাস্তা ব্যবহার না করার জন্য। কিন্তু IGGL কর্তৃপক্ষ মহকুমা শাসকের নির্দেশ অমান্য করায় বাধ্য হয়ে আজ এলাকাবাসী পথ অবরোধে নামে। অবরোধের সময় IGGL-এর কর্মীরা ক্ষমতার দাপট দেখিয়ে গাড়ি নিয়ে বের হতে চাইলে এলাকাবাসী ও উপস্থিত সংবাদকর্মীদের চাপে তারা পিছু হটতে বাধ্য হয়। পরে IGGL-এর কর্মীরা নিজেদের জমির উপর দিয়ে কাঁচা রাস্তা দিয়ে গাড়ি বের করে নিয়ে যায়।
এলাকাবাসীর প্রশ্ন, IGGL-এর মতো কেন্দ্রীয় প্রকল্পের ৫০০ মিটার রাস্তা তৈরি করতে ২ বছর কেন লাগছে? আর রাস্তা তৈরি না করে পার্শ্ববর্তী মানুষ ও কৃষকদের ক্ষতির দায় কেন নিতে চাইছে না IGGL?