নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার দিনভর একাধিক সাংগঠনিক কর্মসূচির মধ্য দিয়ে ৩২ মাতাবাড়ি বিধানসভার বিভিন্ন এলাকায় দলীয় কার্যক্রম সম্পন্ন করলেন বিধায়ক তথা বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জনসংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে এদিন বিকেল থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।এদিনের কর্মসূচির সূচনা হয় বিকাল প্রায় ৪টায় দাতারাম বাজার এলাকায় আয়োজিত এক যোগদান সভার মাধ্যমে। সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত মোট ১৬টি পরিবারের ৬৭ জন ভোটার বিজেপিতে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান অভিষেক দেবরায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপির আদর্শ, নীতি ও রাজ্যের চলমান উন্নয়নমূলক কার্যক্রমের উপর আলোকপাত করেন। পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে দলের শক্তি বৃদ্ধি এবং এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।এরপর বিকাল প্রায় ৫টায় জোয়ালি খামার এলাকায় নবনির্মিত বিজেপি পার্টি কার্যালয়ের শুভ উদ্বোধন করেন তিনি। ফিতা কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে স্থানীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এবং উৎসবমুখর পরিবেশে পুরো অনুষ্ঠান সম্পন্ন হয়।দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা প্রায় ৬টায় সিমসিমা এলাকায় আরও একটি নতুন পার্টি কার্যালয়ের উদ্বোধন করেন বিধায়ক। এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এলাকায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি তিনি জানান, তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।এদিনের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক রথীন্দ্র জমাতিয়া, গোমতী জেলার সহ-সভাপতি উত্তম দে, ৩২ মাতাবাড়ি মন্ডলের সভাপতি বিশ্বজিৎ মারাক এবং মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এছাড়াও স্থানীয় কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি পুরো কর্মসূচিকে সফল করে তোলে।দলীয় সূত্রে জানা গেছে, আগামী দিনগুলোতেও সংগঠন বিস্তার ও জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।