নিজস্ব প্রতিনিধি: দেশের কেন্দ্রীয় সরকারের মদদে ইডির হানার বিরুদ্ধে ধর্মনগরে সরব হলো বামফ্রন্ট। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ের বাড়িতে কেন্দ্রীয় সরকারের মদদে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পাঠানোর প্রতিবাদে উত্তাল হয়ে উঠল ধর্মনগর শহর।
শনিবার দুপুর নাগাদ সিপিআই(এম) ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি ধর্মনগর স্থিত সিপিআই(এম) মহকুমা দপ্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান পথগুলি পরিক্রমা করে। কেন্দ্রীয় সরকারের এই "রাজনৈতিক প্রতিহিংসামূলক" পদক্ষেপের বিরুদ্ধে মিছিলে শামিল কর্মী-সমর্থকরা সোচ্চার হন। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে মিছিলটি পুনরায় মহকুমা দপ্তরে এসেই শেষ হয়। মিছিলে অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, জেলা সম্পাদক অভিজিৎ দে, রাজ্য কমিটির সদস্য দুর্গেশ রায় এবং মহকুমা সম্পাদক রতন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ সহ পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।বিক্ষোভ মিছিল থেকে অমিতাভ দত্ত বলেন বিজেপি চালিত কেন্দ্রীয় সরকার বিরোধী দলগুলিকে হেনস্থা করতে এবং তাদের কণ্ঠরোধ করতে ইডি ও সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কেরলের মুখ্যমন্ত্রীর পরিবারকে নিশানা করা সেই প্রতিহিংসার রাজনীতিরই অংশ বলে তিনি দাবি করেন। আগামী দিনে এই ধরণের স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র করা হবে বলে হুঁশিয়ারি দেন।