নিজস্ব প্রতিনিধি......খোয়াই জেলায় এক শিক্ষকের কাছ থেকে জাল নোট ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত কার্তিক দেবনাথ (৪০) পেশায় একজন শিক্ষক। তাঁর বাড়ি খোয়াই থানার পশ্চিম সোনাতলা এলাকায়।পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খোয়াই ও কল্যাণপুর এলাকার বিভিন্ন বাজারে জাল নোট চালানো এবং মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। বুধবার সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে খোয়াই জেলা গোয়েন্দা পুলিশ বাগান বাজার এলাকা থেকে তাঁকে আটক করে। তল্লাশিতে তাঁর কাছ থেকে ৯ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়।পরবর্তীতে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ পশ্চিম সোনাতলায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে আরও ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট এবং ৫৫টি নেশার ট্যাবলেট উদ্ধার করে।ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বুধবারই অভিযুক্তকে খোয়াই জেলা আদালতে তোলা হবে বলে জানা গেছে। একজন শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।