নেশামুক্তি অভিযান, স্বাস্থ্য শিবির ও সচেতনতামূলক কর্মসূচি ১৩ ত্রিপুরা ব্যাটালিয়ন NCC-র
নিজস্ব প্রতিনিধি:১৩ ত্রিপুরা ব্যাটালিয়ন NCC-র উদ্যোগে ভাগালপুর নরসিংগড়ের BSF গ্রাউন্ডে আয়োজন করা হয় নেশামুক্তি অভিযান, স্বাস্থ্য শিবির এবং এক সচেতনতামূলক কর্মসূচি। এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। নেশার কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার বার্তাও তুলে ধরা হয়।অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন গান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণ দাস, ইন্ডিয়ান আর্মি ও NSS-এর আধিকারিকগণসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নেশামুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সরকারী হাসপাতাল রয়েছে অথচ চব্বিশ ঘণ্টাই হাসপাতাল বন্ধ থাকছে! এমনকি, তিন দিন ধরে লাগাতার বন্ধ রয়েছে হাসপাতালটি!
নিজস্ব প্রতিনিধি: হাসপাতাল বন্ধ থাকার ফলে বিগত দুই দিন হাসপাতাল থেকে কোনো ধরনের চিকিৎসা পরিসেবা পাওয়া যায় নি। খোদ জেলা সদর কৈলাসহর শহরে অবস্থিত পশু হাসপাতালে এই চিত্র প্রকাশ্যে এসেছে। পশু পালকরা পশু নিয়ে হাসপাতালে এসে স্বাস্থ্য পরিসেবা না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। আটাশ নভেম্বর শনিবার সকাল সোয়া নয়টা নাগাদ কৈলাসহরের কনকপুর গ্রামের পশু পালক হোছনা বেগম উনার অসুস্থ ছাগল নিয়ে জেলা পশু হাসপাতালে আসেন। শহরের বৌলাপাশা এলাকার পশু পালক সৌতম বিশ্বাস সকাল সাড়ে নয়টা নাগাদ উনার অসুস্থ কুকুর নিয়ে এসেছিলেন জেলা পশু হাসপাতালে। চিরাকুটি এলাকার পাশু পালক উপেন্দ্র সিনহা সকাল দশটা নাগাদ উনার অসুস্থ গরু নিয়ে জেলা হাসপাতালে এসেছিলেন। পশু পালক উপেন্দ্র সিনহা জানান যে, উনারা সকলেই উনাদের অসুস্থ পশুদের নিয়ে জেলা হাসপাতালে এসেছিলেন চিকিৎসা পরিসেবা নেওয়ার জন্য। কিন্তু হাসপাতালে আসার পর দেখেন হাসপাতালটি তালাবন্ধী। এছাড়াও আরও অনেক পশু পালক উনাদের অসুস্থ পশুদের নিয়ে এসেছিলেন। কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করে ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্য পরিসেবা না নিয়ে বাড়িতে চলে গেছেন বলেও জানান উপেন্দ্র সিনহা। প্রতিদিন সকাল নয়টা থেকে জেলা পশু হাসপাতালে চিকিৎসা পরিসেবা দেওয়ার কথা থাকলেও চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীরা কেউ হাসপাতালে আসেন নি। আরও গুরুতর অভিযোগ যে, গতকাল সাতাশ নভেম্বর শহর এলাকায় ভোট থাকার কারনে চব্বিশ ঘণ্টা কৈলাসহরের জেলা পশু হাসপাতালটি বন্ধ ছিলো। তাছাড়াও, ভোটের আগের দিন ছাব্বিশ নভেম্বর শুক্রবারও নাকি পশু হাসপাতালটি বন্ধ ছিলো। পশু পালক উপেন্দ্র সিনহা ক্ষোভ প্রকাশ করে জানান যে, যেকোনো মানুষ যেকোনো সময় অসুস্থ হতেই পারে, সেজন্য অসুস্থ মানুষদের জন্য চব্বিশ ঘণ্টাই হাসপাতাল খোলা থাকে কিংবা হাসপাতালের ইমারজেন্সি বিভাগ খোলা থাকে। একইভাবে, যেকোনো পশু যেকোনো মুহুর্তে অসুস্থ হতেই পারে। তারজন্য পশু হাসপাতাল খোলা থাকবে না নাকি? চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীরা নিজেদের প্রয়োজনে কিংবা ব্যক্তিগত কারনে ছুটি নিতেই পারেন। তারজন্য হাসপাতালের চিকিৎসা পরিসেবা বন্ধ থাকবে নাকি? শহর এলাকার পশু হাসপাতালের যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে, প্রত্যন্ত গ্রামীণ এলাকায় কিংবা এডিসি এলাকার পশু হাসপাতালের কি অবস্থা তা সহজেই অনুমেয় করা যায়। পশু পালকরা লাগাতার তিন দিন ধরে এসে হাসপাতাল বন্ধ দেখে আটাশ নভেম্বর শনিবার কয়েক ঘন্টা হাসপাতালের গেইটের বাইরে দাঁড়িয়ে থেকে দপ্তরের আধিকারিকদের সাথে ফোনে যোগাযোগ করে কোনো ধরনের সদুত্তর না পেয়ে মিডিয়ার প্রতিনিধিদের জানানোর কথা বললে অবশেষে সাড়ে এগারোটার পর স্বাস্থ্য কর্মীরা হাসপাতালে এসে অসুস্থ পশুদের চিকিৎসা পরিসেবা দেন। স্বাস্থ্য কর্মীরা সাড়ে এগারোটায় হাসপাতালে আসার পূর্বে অনেক পশু পালকরা হাসপাতাল বন্ধ দেখে বাড়িতে চলে গেছেন বলেও জানান উপেন্দ্র সিনহা। এছাড়াও কৈলাসহরের জেলা পশু হাসপাতালে আরও নানান অভিযোগ রয়েছে বলে জানান পশু পালকরা।
ছাইয়ের গন্ধ পেরিয়ে নতুন ভোরের ডাক, হরিনার ক্ষতিগ্রস্ত পাঁচ দোকানে প্রশাসনের ভরসার হাত।
নিজস্ব প্রতিনিধি:আগুনের লেলিহান শিখা যখন জীবিকার স্বপ্নকে ছাই করে দেয়, তখন সবচেয়ে বড় প্রয়োজন হয় আশ্বাসের এক টুকরো শীতল পরশ। গতকাল ২৭শে নভেম্বর সাব্রুম মহকুমার হরিনা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি দোকান পরিদর্শনে গিয়ে সেই সহমর্মিতার বার্তাই পৌঁছে দিলেন সাব্রুমের মহকুমা শাসক সুমন রক্ষিত এবং দক্ষিণ ত্রিপুরা জেলা সভাধিপতি দীপক দত্ত। ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি তাঁরা ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে দাঁড়িয়ে তাঁদের কথা মন দিয়ে শোনেন এবং ভেঙে না পড়ার সাহস জোগান।হরিনার ওই পাঁচটি দোকান শুধু ইট-কাঠ বা পণ্যের সম্ভার ছিল না, ছিল কয়েকটি পরিবারের দৈনন্দিন রুটিরুজি ও ভরসার স্থল। হঠাৎ লাগা আগুনের ক্ষয়ক্ষতি সরেজমিনে খতিয়ে দেখে প্রশাসনের শীর্ষ কর্তারা পরিস্থিতির বাস্তব চিত্র বোঝার চেষ্টা করেন। প্রশাসন ক্ষতিগ্রস্তদের চোখেমুখে জমে থাকা অনিশ্চয়তার মেঘ কাটিয়ে দ্রুত পাশে দাঁড়ানোর এক ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন কারণ প্রান্তিক বা স্থানীয় ব্যবসায়ীদের ক্ষেত্রে ছোটখাটো অগ্নিকাণ্ডও বড় অর্থনৈতিক ধাক্কা হয়ে দাঁড়ায়। তাই দ্রুত ক্ষয়ক্ষতির হিসাব ও সহায়তার হাত বাড়িয়ে দেওয়া ঘুরে দাঁড়ানোর জন্য অত্যন্ত জরুরি। প্রশাসনিক শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিদের এই উদ্যোগ স্থানীয়দের মনে নতুন ভরসা জুগিয়েছে। পোড়া কাঠ আর কয়লার গন্ধ পেরিয়ে হরিনার সেই পাঁচটি দোকানে আবারও নতুন ভোরের স্বপ্ন বুনুক এই প্রত্যাশাই সাধারণের মধ্যে।
লেক চৌমুহনী বাজারে ২৯ নভেম্বর থেকে ১১ দিনব্যাপী ৬০ তম শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তন ও মহোৎসব
নিজস্ব প্রতিনিধি:ভক্তি, আধ্যাত্মিকতা ও ধর্মীয় আবহে আগামী ২৯ নভেম্বর থেকে লেক চৌমুহনী বাজারে শুরু হতে চলেছে ৬০তম শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তন ও মহোৎসব। লেক চৌমুহনী বাজার সমিতি ও উৎসব কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠান চলবে টানা ১১ দিন।শনিবার এক সাংবাদিক সম্মেলনে উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৯ নভেম্বর, রবিবার থেকে এই মহোৎসবের সূচনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীচৈতন্য গৌড়ীয় মঠ ও শ্রীজগন্নাথ মন্দির, আগরতলার মঠ অধ্যক্ষ ত্রিদণ্ডীভিক্ষু শ্রীমদ স্বামী কমল বৈষ্ণব মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিদণ্ডীভিক্ষু শ্রীমদ স্বামী ভক্তিসুন্দর সাগর মহারাজ।উৎসব কমিটির সম্পাদক শ্যামল সাহা সাংবাদিকদের জানান, প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই মহোৎসবের আয়োজন করা হয়েছে। তিনি রাজ্যের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহাপ্রভুর আশীর্বাদ গ্রহণ করার আহ্বান জানান।
বক্সনগরের আশাবাড়িতে বিএসএফ জওয়ানদের উপর হামলা, উচ্ছেদ অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের সাংবাদিক সম্মেলন
নিজস্ব প্রতিনিধি: সিপাহীজলা জেলার বক্সনগর সীমান্তবর্তী আশাবাড়ি এলাকায় বিএসএফ জওয়ানদের উপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং পরবর্তী সময়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে যৌথ উচ্ছেদ অভিযান নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরল ত্রিপুরা পুলিশ। শনিবার আগরতলা পশ্চিম থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের আইজি (আইন-শৃঙ্খলা) মনচাক ইপ্পার গোটা বিষয়টি নিয়ে প্রশাসনের অবস্থান স্পষ্ট করেন।সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আশাবাড়ি এলাকায় সংঘটিত হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনাকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে যৌথ উচ্ছেদ অভিযান নিয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।অন্যদিকে, আগরতলা পৌর নিগম নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা বা অশান্তি সৃষ্টি না হয়, সেজন্য বিশেষ সতর্ক রয়েছে ত্রিপুরা পুলিশ। ভোট গণনা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণনাকেন্দ্র এবং সংলগ্ন এলাকাগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা হলে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান আইজি।এদিন দক্ষিণ জেলার সাব্রুমে এক গৃহবধূর উপর সংঘটিত ধর্ষণের ঘটনা নিয়েও পুলিশের অবস্থান স্পষ্ট করেন মনচাক ইপ্পার। তিনি জানান, মহিলাদের উপর নির্যাতনের ঘটনায় ত্রিপুরা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি।এদিনের সাংবাদিক সম্মেলনে সীমান্তবর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী নিরাপত্তা এবং মহিলাদের সুরক্ষার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে পুলিশের কঠোর অবস্থানের কথা জানানো হয়।
সাব্রুম মহকুমার হরিনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড!
নিজস্ব প্রতিনিধি: গগনস্পর্শী অগ্নিকাণ্ডে পুড়ল রুটিরুজি, সময়মতো ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হরিনা বাজার।সাব্রুম মহকুমার সাব্রুম শহরে নগর নির্বাচনের দিন শহরের অনতি দূরবর্তী হরিনা বাজারে বেলা সাড়ে ১১টা নাগাত ঘটে যাওয়া অগ্নিকাণ্ড স্থানীয় ব্যবসায়ী মহলে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। প্রাথমিক তথ্যানুযায়ী, একটি মিষ্টির দোকানের গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়া আগুনে দুজন ব্যবসায়ীর দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ায় তাদের সারা জীবনের সঞ্চয় ও জীবিকা এক লহমায় অনিশ্চয়তার মুখে পড়েছে—যা নিঃসন্দেহে অত্যন্ত হৃদয়বিদারক।এই অগ্নিকাণ্ডের প্রভাব কেবল পুড়ে যাওয়া দোকানেই সীমাবদ্ধ থাকেনি, বরং পাশের দোকানগুলোতেও ক্ষতির ছাপ ফেলেছে।ঘটনায় রঞ্জিত দেবনাথের মিষ্টির দোকান এবং বাপ্পি দেবনাথের রেস্টুরেন্ট দোকান সম্পূর্ণ আগুনে পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনেতে সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ে পাশের আরো তিনটি দোকানে, সেই শিখায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছোড়া জলে পাশের দোকানগুলোরও বড় ক্ষতি হয়েছে। বিপুল দেবনাথের ‘লোকনাথ ফুড হাউস’-এ রাখা ব্রয়লার, মাছ, গবাদি পশু ও শূকরের খাদ্য আগুনে পুড়ে এবং জলে ভিজে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পাশাপাশি শুভঙ্কর দেবনাথের মুদি দোকানের মালামাল এবং নিরঞ্জন দাসের হার্ডওয়্যার দোকানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেদনাদায়ক এই ঘটনার মাঝেও সবচেয়ে স্বস্তি অগ্নিনির্বাপণ বাহিনী যথাক্রমে সাব্রুম ফায়ার সার্ভিস এবং মনু ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের প্রাণহানি বা গোটা বাজারজুড়ে আগুন ছড়িয়ে পড়ার মতো বিপর্যয় এড়ানো সম্ভব হয় যা বাজার এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হয়। এ ছাড়া নতুন চালু হওয়া মনুবন্কুল ফায়ার স্টেশন থেকেও একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। যদিও তার আগেই মনু বাজার ও সাব্রুমের দমকল কর্মীরা আগুন আয়ত্তে আনতে সক্ষম হন। ঘটনার খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিকের তত্ত্বাবধানে এবং সাব্রুম থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ আধিকারিক অর্জন চাকমা ঘটনাস্থলে গিয়ে পৌঁছান এবং পরিস্থিতি স্থিতিশীল করেন। ঘটনার খবর পেয়ে সর্বস্বান্ত দোকান মালিকদের সাথে দেখা করেন ৩৯ মনো বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রূ মগ এবং সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাষ লোধ। সব মিলিয়ে, হরিনা বাজারের এই ঘটনা একদিকে যেমন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অসহায়ত্ব ও লোকসানের করুণ বাস্তবতা তুলে ধরে, অন্যদিকে দমকল বাহিনীর সময়োপযোগী পদক্ষেপে আরও বড় ক্ষয়ক্ষতি রুখে দেওয়ার দৃষ্টান্তও রেখে যায়। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং মহকুমা প্রশাসনকে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আরজি ওঠে ব্যবসায়িক মহল থেকে ।
সুপারি বাগান দশরথ দেব স্মৃতি অডিটোরিয়ামে ভোট লুটের অভিযোগ! ক্যামেরায় ধরা পড়ল ভোট কারচুপির চাঞ্চল্যকর দৃশ্য!
নিজস্ব প্রতিনিধি:আগরতলা পৌরনিগম নির্বাচনে ভোটগ্রহণকে কেন্দ্র করে ফের উঠল গুরুতর অভিযোগ। সুপারি বাগানস্থিত দশরথ দেব স্মৃতি অডিটোরিয়ামের ভোটকেন্দ্রে ভোট লুটের দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে বলে দাবি উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত এবং ভোটারদের অধিকার খর্ব করার অভিযোগ ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা।ভোটকেন্দ্রের নিরাপত্তা ও অবাধ-সুষ্ঠু নির্বাচন নিয়ে এবার উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।
বিরোধীদের রাজনৈতিক অস্তিত্ব নেই, ঘরে বসে মিডিয়াকে ব্যবহার করে মিথ্যা প্রচার: রতনলাল নাথ
নিজস্ব প্রতিনিধি :ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিরোধী দলগুলিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, বিরোধীদের বর্তমানে কোনও রাজনৈতিক অস্তিত্ব নেই। বিভিন্ন ঘটনায় আক্রান্ত হওয়ার অভিযোগ তুলে বিরোধীরা যে বক্তব্য রাখছে, সেই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, যাঁরা আক্রান্ত হয়েছেন বলে দাবি করছেন, তাঁদের মধ্যে কেউ কি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন?মন্ত্রী আরও বলেন, বিরোধীরা নিজেদের রাজনৈতিক দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। তাঁরা মাঠে নেমে মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে ঘরে বসে সংবাদমাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন ধরনের বক্তব্য ও প্রচার চালাচ্ছেন। বিরোধীদের মাঠে দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।এদিন সুদীপ রায় বর্মন, মানিক সরকার ও জিতেন্দ্র চৌধুরীকে নিশানা করে রতনলাল নাথ অভিযোগ করেন, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে মিথ্যার আশ্রয় নিয়ে রাজনৈতিক প্রচার চালানো হচ্ছে। বিরোধীদের এই ধরনের রাজনীতির সমালোচনা করে সাংবাদিক সম্মেলনে একাধিক বক্তব্য তুলে ধরেন তিনি।
পূর্ব-লুধুয়ার গৃহবধূর মৃত্যুর ঘটনায় আরও এক অভিযুক্ত পুলিশের হেফাজতে!
নিজস্ব প্রতিনিধি: সাব্রুম মহকুমার পূর্ব-লুধুয়া নতুন পাড়ায় গণধর্ষণের অভিযোগ এবং পরবর্তী সময়ে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূ ঝুম্পা বণিক দেবনাথের মৃত্যুর ঘটনায় তদন্তের অগ্রগতিতে আরও এক অভিযুক্ত পুলিশের হেফাজতে এসেছে বলে জানা যাচ্ছে।সূত্রের খবর, এই ঘটনায় অভিযুক্ত আরও একজন নিজে থেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বর্তমানে ওই অভিযুক্ত সাব্রুম পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য অব্যাহত রয়েছে।এই মর্মান্তিক ঘটনায় ইতিমধ্যেই ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার প্রকৃত সত্য সামনে আসার অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সীমান্তে চোরাচালান রুখতে ফের সাফল্য পেল বি এস এফ!
নিজস্ব প্রতিনিধি: সীমান্তে বিএসএফের বড়সড় অভিযান, উদ্ধার ৭টি গরু ও দুটি পালসার বাইক!!সীমান্তে চোরাচালান রুখতে ফের বড়সড় সাফল্য পেল বিএসএফ। কাঁঠালিয়া লালটিয়া বিওপির অধীন ৮১ নম্বর ব্যাটেলিয়নের পেট্রোলিং পার্টির অভিযানে উদ্ধার হলো মোট সাতটি গরু এবং দুটি সন্দেহভাজন পালসার বাইক।ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১১টা ৩০ মিনিট নাগাদ সীমান্ত সংলগ্ন কাঁটাতারের বেড়ার পাশে পাহারারত অবস্থায় বিএসএফের পেট্রোলিং পার্টির নজরে আসে সন্দেহজনক গতিবিধি। এরপর তল্লাশি চালিয়ে দুটি পালসার বাইকসহ মোট সাতটি গরু উদ্ধার করেন বিএসএফ জওয়ানরা।পরবর্তীতে আজ দুপুর ১টা নাগাদ উদ্ধার হওয়া গরু ও বাইকগুলি যাত্রাপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যাত্রাপুর থানার ওসি পার্থনা ভৌমিক জানান, উদ্ধার হওয়া দুটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে এবং গরুগুলিকে গোশালায় পাঠানোর ব্যবস্থা করা হবে।সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিএসএফের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের মতে, সীমান্তে এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকলে অবৈধ পাচার অনেকটাই রুখে দেওয়া সম্ভব হবে।
Top News
View All →নেশামুক্তি অভিযান, স্বাস্থ্য শিবির ও সচেতনতামূলক কর্মসূচি ১৩ ত্রিপুরা ব্যাটালিয়ন NCC-র
November 28th, 2026
সরকারী হাসপাতাল রয়েছে অথচ চব্বিশ ঘণ্টাই হাসপাতাল বন্ধ থাকছে! এমনকি, তিন দিন ধরে লাগাতার বন্ধ রয়েছে হাসপাতালটি!
November 28th, 2026
ছাইয়ের গন্ধ পেরিয়ে নতুন ভোরের ডাক, হরিনার ক্ষতিগ্রস্ত পাঁচ দোকানে প্রশাসনের ভরসার হাত।
November 28th, 2026
লেক চৌমুহনী বাজারে ২৯ নভেম্বর থেকে ১১ দিনব্যাপী ৬০ তম শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তন ও মহোৎসব
November 28th, 2026
বক্সনগরের আশাবাড়িতে বিএসএফ জওয়ানদের উপর হামলা, উচ্ছেদ অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের সাংবাদিক সম্মেলন
November 28th, 2026
সাব্রুম মহকুমার হরিনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড!
November 27th, 2026