নিজস্ব প্রতিনিধি: সিপাহীজলা জেলার বক্সনগর সীমান্তবর্তী আশাবাড়ি এলাকায় বিএসএফ জওয়ানদের উপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং পরবর্তী সময়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে যৌথ উচ্ছেদ অভিযান নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরল ত্রিপুরা পুলিশ। শনিবার আগরতলা পশ্চিম থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের আইজি (আইন-শৃঙ্খলা) মনচাক ইপ্পার গোটা বিষয়টি নিয়ে প্রশাসনের অবস্থান স্পষ্ট করেন।সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আশাবাড়ি এলাকায় সংঘটিত হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনাকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে যৌথ উচ্ছেদ অভিযান নিয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।অন্যদিকে, আগরতলা পৌর নিগম নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা বা অশান্তি সৃষ্টি না হয়, সেজন্য বিশেষ সতর্ক রয়েছে ত্রিপুরা পুলিশ। ভোট গণনা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণনাকেন্দ্র এবং সংলগ্ন এলাকাগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা হলে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান আইজি।এদিন দক্ষিণ জেলার সাব্রুমে এক গৃহবধূর উপর সংঘটিত ধর্ষণের ঘটনা নিয়েও পুলিশের অবস্থান স্পষ্ট করেন মনচাক ইপ্পার। তিনি জানান, মহিলাদের উপর নির্যাতনের ঘটনায় ত্রিপুরা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি।এদিনের সাংবাদিক সম্মেলনে সীমান্তবর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী নিরাপত্তা এবং মহিলাদের সুরক্ষার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে পুলিশের কঠোর অবস্থানের কথা জানানো হয়।