নিজস্ব প্রতিনিধি: গগনস্পর্শী অগ্নিকাণ্ডে পুড়ল রুটিরুজি, সময়মতো ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হরিনা বাজার।সাব্রুম মহকুমার সাব্রুম শহরে নগর নির্বাচনের দিন শহরের অনতি দূরবর্তী হরিনা বাজারে বেলা সাড়ে ১১টা নাগাত ঘটে যাওয়া অগ্নিকাণ্ড স্থানীয় ব্যবসায়ী মহলে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। প্রাথমিক তথ্যানুযায়ী, একটি মিষ্টির দোকানের গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়া আগুনে দুজন ব্যবসায়ীর দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ায় তাদের সারা জীবনের সঞ্চয় ও জীবিকা এক লহমায় অনিশ্চয়তার মুখে পড়েছে—যা নিঃসন্দেহে অত্যন্ত হৃদয়বিদারক।এই অগ্নিকাণ্ডের প্রভাব কেবল পুড়ে যাওয়া দোকানেই সীমাবদ্ধ থাকেনি, বরং পাশের দোকানগুলোতেও ক্ষতির ছাপ ফেলেছে।ঘটনায় রঞ্জিত দেবনাথের মিষ্টির দোকান এবং বাপ্পি দেবনাথের রেস্টুরেন্ট দোকান সম্পূর্ণ আগুনে পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনেতে সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ে পাশের আরো তিনটি দোকানে, সেই শিখায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছোড়া জলে পাশের দোকানগুলোরও বড় ক্ষতি হয়েছে। বিপুল দেবনাথের ‘লোকনাথ ফুড হাউস’-এ রাখা ব্রয়লার, মাছ, গবাদি পশু ও শূকরের খাদ্য আগুনে পুড়ে এবং জলে ভিজে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পাশাপাশি শুভঙ্কর দেবনাথের মুদি দোকানের মালামাল এবং নিরঞ্জন দাসের হার্ডওয়্যার দোকানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বেদনাদায়ক এই ঘটনার মাঝেও সবচেয়ে স্বস্তি অগ্নিনির্বাপণ বাহিনী যথাক্রমে সাব্রুম ফায়ার সার্ভিস এবং মনু ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের প্রাণহানি বা গোটা বাজারজুড়ে আগুন ছড়িয়ে পড়ার মতো বিপর্যয় এড়ানো সম্ভব হয় যা বাজার এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হয়। এ ছাড়া নতুন চালু হওয়া মনুবন্কুল ফায়ার স্টেশন থেকেও একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। যদিও তার আগেই মনু বাজার ও সাব্রুমের দমকল কর্মীরা আগুন আয়ত্তে আনতে সক্ষম হন। ঘটনার খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিকের তত্ত্বাবধানে এবং সাব্রুম থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ আধিকারিক অর্জন চাকমা ঘটনাস্থলে গিয়ে পৌঁছান এবং পরিস্থিতি স্থিতিশীল করেন। ঘটনার খবর পেয়ে সর্বস্বান্ত দোকান মালিকদের সাথে দেখা করেন ৩৯ মনো বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রূ মগ এবং সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাষ লোধ।
সব মিলিয়ে, হরিনা বাজারের এই ঘটনা একদিকে যেমন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অসহায়ত্ব ও লোকসানের করুণ বাস্তবতা তুলে ধরে, অন্যদিকে দমকল বাহিনীর সময়োপযোগী পদক্ষেপে আরও বড় ক্ষয়ক্ষতি রুখে দেওয়ার দৃষ্টান্তও রেখে যায়। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং মহকুমা প্রশাসনকে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আরজি ওঠে ব্যবসায়িক মহল থেকে ।