নিজস্ব প্রতিনিধি :ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিরোধী দলগুলিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, বিরোধীদের বর্তমানে কোনও রাজনৈতিক অস্তিত্ব নেই। বিভিন্ন ঘটনায় আক্রান্ত হওয়ার অভিযোগ তুলে বিরোধীরা যে বক্তব্য রাখছে, সেই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, যাঁরা আক্রান্ত হয়েছেন বলে দাবি করছেন, তাঁদের মধ্যে কেউ কি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন?মন্ত্রী আরও বলেন, বিরোধীরা নিজেদের রাজনৈতিক দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। তাঁরা মাঠে নেমে মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে ঘরে বসে সংবাদমাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন ধরনের বক্তব্য ও প্রচার চালাচ্ছেন। বিরোধীদের মাঠে দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।এদিন সুদীপ রায় বর্মন, মানিক সরকার ও জিতেন্দ্র চৌধুরীকে নিশানা করে রতনলাল নাথ অভিযোগ করেন, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে মিথ্যার আশ্রয় নিয়ে রাজনৈতিক প্রচার চালানো হচ্ছে। বিরোধীদের এই ধরনের রাজনীতির সমালোচনা করে সাংবাদিক সম্মেলনে একাধিক বক্তব্য তুলে ধরেন তিনি।