নিজস্ব প্রতিনিধি: হাসপাতাল বন্ধ থাকার ফলে বিগত দুই দিন হাসপাতাল থেকে কোনো ধরনের চিকিৎসা পরিসেবা পাওয়া যায় নি। খোদ জেলা সদর কৈলাসহর শহরে অবস্থিত পশু হাসপাতালে এই চিত্র প্রকাশ্যে এসেছে। পশু পালকরা পশু নিয়ে হাসপাতালে এসে স্বাস্থ্য পরিসেবা না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। আটাশ নভেম্বর শনিবার সকাল সোয়া নয়টা নাগাদ কৈলাসহরের কনকপুর গ্রামের পশু পালক হোছনা বেগম উনার অসুস্থ ছাগল নিয়ে জেলা পশু হাসপাতালে আসেন। শহরের বৌলাপাশা এলাকার পশু পালক সৌতম বিশ্বাস সকাল সাড়ে নয়টা নাগাদ উনার অসুস্থ কুকুর নিয়ে এসেছিলেন জেলা পশু হাসপাতালে। চিরাকুটি এলাকার পাশু পালক উপেন্দ্র সিনহা সকাল দশটা নাগাদ উনার অসুস্থ গরু নিয়ে জেলা হাসপাতালে এসেছিলেন। পশু পালক উপেন্দ্র সিনহা জানান যে, উনারা সকলেই উনাদের অসুস্থ পশুদের নিয়ে জেলা হাসপাতালে এসেছিলেন চিকিৎসা পরিসেবা নেওয়ার জন্য। কিন্তু হাসপাতালে আসার পর দেখেন হাসপাতালটি তালাবন্ধী। এছাড়াও আরও অনেক পশু পালক উনাদের অসুস্থ পশুদের নিয়ে এসেছিলেন। কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করে ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্য পরিসেবা না নিয়ে বাড়িতে চলে গেছেন বলেও জানান উপেন্দ্র সিনহা। প্রতিদিন সকাল নয়টা থেকে জেলা পশু হাসপাতালে চিকিৎসা পরিসেবা দেওয়ার কথা থাকলেও চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীরা কেউ হাসপাতালে আসেন নি। আরও গুরুতর অভিযোগ যে, গতকাল সাতাশ নভেম্বর শহর এলাকায় ভোট থাকার কারনে চব্বিশ ঘণ্টা কৈলাসহরের জেলা পশু হাসপাতালটি বন্ধ ছিলো। তাছাড়াও, ভোটের আগের দিন ছাব্বিশ নভেম্বর শুক্রবারও নাকি পশু হাসপাতালটি বন্ধ ছিলো। পশু পালক উপেন্দ্র সিনহা ক্ষোভ প্রকাশ করে জানান যে, যেকোনো মানুষ যেকোনো সময় অসুস্থ হতেই পারে, সেজন্য অসুস্থ মানুষদের জন্য চব্বিশ ঘণ্টাই হাসপাতাল খোলা থাকে কিংবা হাসপাতালের ইমারজেন্সি বিভাগ খোলা থাকে। একইভাবে, যেকোনো পশু যেকোনো মুহুর্তে অসুস্থ হতেই পারে। তারজন্য পশু হাসপাতাল খোলা থাকবে না নাকি? চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীরা নিজেদের প্রয়োজনে কিংবা ব্যক্তিগত কারনে ছুটি নিতেই পারেন। তারজন্য হাসপাতালের চিকিৎসা পরিসেবা বন্ধ থাকবে নাকি? শহর এলাকার পশু হাসপাতালের যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে, প্রত্যন্ত গ্রামীণ এলাকায় কিংবা এডিসি এলাকার পশু হাসপাতালের কি অবস্থা তা সহজেই অনুমেয় করা যায়। পশু পালকরা লাগাতার তিন দিন ধরে এসে হাসপাতাল বন্ধ দেখে আটাশ নভেম্বর শনিবার কয়েক ঘন্টা হাসপাতালের গেইটের বাইরে দাঁড়িয়ে থেকে দপ্তরের আধিকারিকদের সাথে ফোনে যোগাযোগ করে কোনো ধরনের সদুত্তর না পেয়ে মিডিয়ার প্রতিনিধিদের জানানোর কথা বললে অবশেষে সাড়ে এগারোটার পর স্বাস্থ্য কর্মীরা হাসপাতালে এসে অসুস্থ পশুদের চিকিৎসা পরিসেবা দেন। স্বাস্থ্য কর্মীরা সাড়ে এগারোটায় হাসপাতালে আসার পূর্বে অনেক পশু পালকরা হাসপাতাল বন্ধ দেখে বাড়িতে চলে গেছেন বলেও জানান উপেন্দ্র সিনহা। এছাড়াও কৈলাসহরের জেলা পশু হাসপাতালে আরও নানান অভিযোগ রয়েছে বলে জানান পশু পালকরা।