নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম ইংলিশ মিডিয়াম স্কুলে ভোকেশনাল এডুকেশন ও ওয়ার্ক এডুকেশন পরীক্ষাকে কেন্দ্র করে এক অভিনব পরিস্থিতি তৈরি হয়েছে। স্কুল থেকে শিক্ষার্থীদের প্রজেক্ট বা কাজের অংশ হিসেবে বাজার থেকে ঝাড়ু ও ডাস্টার কিনে আনার নির্দেশ দেওয়া হয়েছে। আর তা ঘিরেই ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।সাব্রুম ইংলিশ মিডিয়াম স্কুলের ভোকেশনাল এবং ওয়ার্ক এডুকেশনের পরীক্ষা চলাকালীন এই নির্দেশিকা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে জানান, স্কুলের পক্ষ থেকে বলা হয়েছে ঝাড়ু বা ডাস্টার জমা দিলেই কুড়ি নম্বর দেওয়া হবে। অভিভাবকদের প্রশ্ন, বাজার থেকে ১২০ টাকা খরচ করে ঝাড়ু ও ডাস্টার কিনে জমা দিলে কোমলমতি শিক্ষার্থীদের সৃজনশীলতা বা মেধার কী বিকাশ ঘটছে? একটি শ্রেণীতে ৭০ জন শিক্ষার্থী থাকলে সকলেরই আলাদা করে ঝাড়ু বা ডাস্টার আনার নির্দেশ কোনো শিক্ষামূলক অর্জন আনতে পারে না।অভিভাবকদের দাবি, এর পরিবর্তে ছাত্র-ছাত্রীদের মধ্যে সৃজনশীলতা বাড়াতে পেপার কাটিং, হাতের কাজ বা হ্যান্ডিক্রাফ্টের মতো কোনো সৃজনশীল অপশন দেওয়া উচিত ছিল, যা তাদের কর্মমুখী ও দক্ষ করে তুলতে সাহায্য করত। প্রজেক্টের নামে এই ধরনের নির্দেশ বদলানোর জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছেন অভিভাবকরা।