আগরতলা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’ শুনতে আগরতলার পুরনো এলাকার ৪০ নম্বর বুথে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ৪০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়, মণ্ডল সভাপতি অসীম ভট্টাচার্য-সহ সংশ্লিষ্ট বুথের কর্মকর্তারা ও অন্যান্য সদস্যরা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে দেওয়া বিভিন্ন বার্তা এবং দেশের নানা প্রান্তে ঘটে চলা গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠান শোনার পর প্রধানমন্ত্রী যে সমস্ত বিষয় দেশবাসীর সামনে তুলে ধরেছেন, সেগুলি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।প্রধানমন্ত্রীর বক্তব্যে দেশের উন্নয়ন, জনকল্যাণমূলক উদ্যোগ এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষের অবদানের মতো বিষয়গুলি গুরুত্ব পায়। মুখ্যমন্ত্রীও প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগের নানা দিক নিয়ে আলোকপাত করেন।এদিনের কর্মসূচিতে দলীয় কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।