নিজস্ব প্রতিনিধি : দুর্গোৎসবের অষ্টমীর রাতে ধর্মনগর থানার অন্তর্গত বড়ুয়াকান্দি এলাকায় জয়দীপ ও শুভদীপের খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল ধর্মনগরের রাজনৈতিক মহল। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত বিজন দাসের ফাঁসির দাবিতে শনিবার সন্ধ্যায় যুবরাজনগর ব্লক কংগ্রেসের উদ্যোগে ধর্মনগরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল থেকে অভিযুক্ত বিজন দাসের সর্বোচ্চ শাস্তির দাবিতে সরব হন কংগ্রেস নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উত্তর ত্রিপুরা জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি দ্বিগবিজয় চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য কেবল নন্দী-সহ জেলা কংগ্রেস ও যুবরাজনগর ব্লক কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। মিছিল থেকে অভিযুক্তের ফাঁসির দাবিতে স্লোগান তোলা হয়। জয়দীপ ও শুভদীপ হত্যাকাণ্ডের বিচার এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে কংগ্রেসের এই কর্মসূচিকে ঘিরে ধর্মনগরে রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়। এখন দেখার বিষয়, এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া কোন দিকে এগোয় এবং নিহতদের পরিবার কবে ন্যায়বিচার পায়।