নিজস্ব প্রতিনিধি: দুর্গোৎসবকে সামনে রেখে রামনগর বিধানসভা কেন্দ্রের যুবক-যুবতী ও মহিলাদের পাশে দাঁড়ালেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর উদ্যোগে কেন্দ্রের প্রতিটি বুথ থেকে ১০ জন করে যুবক-যুবতী ও মহিলাদের দুর্গাপুজো উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়।প্রসঙ্গত, দুর্গোৎসবকে কেন্দ্র করে রামনগর এলাকার প্রতিটি ক্লাব ও সামাজিক সংস্থাকে ইতিমধ্যেই আর্থিক সহায়তা প্রদান করেছেন বিধায়ক। পাশাপাশি, এলাকার মহিলাদের উপহার হিসেবে প্রায় ৬ হাজার শাড়িও বিতরণ করা হয়েছিল। উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দিতে এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ বলে জানা গেছে।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, রামনগরের প্রতিটি বাসিন্দাই তাঁর পরিবারের সদস্য। পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো এবং তাঁদের পাশে দাঁড়ানো তাঁর দায়িত্ব বলে মনে করেন তিনি। সেই লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রচেষ্টা। আগামী দিনেও মানুষের পাশে থেকে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।দুর্গোৎসবকে কেন্দ্র করে যুবক-যুবতী ও মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের এই উদ্যোগে এলাকার মানুষের মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।