নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলো বহু প্রতিক্ষিত উত্তর জেলা শাসক কার্যালয়। উত্তর ত্রিপুরা জেলার প্রশাসনিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ধর্মনগরে গড়ে উঠেছে এই নবনির্মিত জেলা শাসক ও কালেক্টর কার্যালয় কমপ্লেক্স।ত্রিপুরা সরকারের উদ্যোগে এই প্রশাসনিক পরিকাঠামোর উন্নয়ন উত্তর ত্রিপুরা জেলার সামগ্রিক অগ্রগতির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। মুখ্যমন্ত্রী নবনির্মিত কার্যালয় ভবনের উদ্বোধনের পাশাপাশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনার করেন এদিন। নবনির্মিত জেলা শাসক ও কালেক্টর কার্যালয় কমপ্লেক্স উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা ছাড়াও মুখ্যমন্ত্রীর সচিব কিরণ গিত্যে, স্বরাষ্ট্র ও আরডি দপ্তরের সচিব অভিষেক সিং এবং রাজস্ব ও নগরোন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ ধর্মরাও রামটেকে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর, পানিসাগর ও বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়কগন, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন, জেলা বিজেপি সভাপতি, জেলাশাসক, পুলিশ সুপার-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।নতুন কার্যালয় কমপ্লেক্স চালু হলে জেলা প্রশাসনের বিভিন্ন কাজ আরও সুসংহতভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। পাশাপাশি, প্রশাসনিক পরিষেবা গ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষের সুবিধা বৃদ্ধি এবং সরকারি কাজের স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রেও এই পরিকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে।উন্নত প্রশাসনিক পরিকাঠামো নির্মাণের মাধ্যমে জনসাধারণের কাছে আরও কার্যকর পরিষেবা পৌঁছে দেওয়ার যে লক্ষ্য রাজ্য সরকার গ্রহণ করেছে, উত্তর ত্রিপুরার এই নবনির্মিত জেলা শাসক ও কালেক্টর কার্যালয় সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ সংযোজন।