নিজস্ব প্রতিনিধি: উদয়পুর মহকুমা শাসকের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে উদয়পুর শহরের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালায় মহকুমা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ টিম। অভিযানে বিভিন্ন দোকানে অবৈধভাবে বিক্রি হওয়া তামাক জাতীয় দ্রব্য এবং নিষিদ্ধ প্লাস্টিকের কেরিব্যাগ উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। প্রশাসনের আধিকারিকরা শহরের বিভিন্ন মুদি দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দিয়ে এই অভিযান চালান।
মহকুমা শাসক ত্রিদিব সরকার জানান, যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠানের তামাক বিক্রির বৈধ লাইসেন্স নেই, অথচ অবৈধভাবে তামাক জাতীয় দ্রব্য বিক্রি করছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যেসব ব্যবসায়ী এখনো পর্যন্ত উদয়পুর পৌর পরিষদের ট্রেড লাইসেন্স নবীকরণ করেননি, তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।তিনি আরও জানান, আগামী দিনেও উদয়পুর শহরে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। বিশেষ করে বিদ্যালয়ের ১০০ মিটারের মধ্যে কোনো ব্যবসায়ী তামাক জাতীয় দ্রব্য বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এদিনের অভিযানে প্রায় ৩৫ হাজার টাকার তামাক জাতীয় দ্রব্য ও বিভিন্ন প্লাস্টিকের কেরিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।