নিজস্ব প্রতিনিধি: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ দাবি জানিয়ে আজ রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন এক প্রতিনিধি দল। ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই যাতে SIR (Special Intensive Revision) প্রক্রিয়া শুরু করা হয়, সেই দাবি জানিয়ে নির্বাচন কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করেন প্রতিনিধি দলের সদস্যরা।এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্জী, বিপিন দেববর্মা-সহ অন্যান্য নেতৃত্ব। তাঁদের বক্তব্য, ভোটার তালিকা সংশোধন ও পরিমার্জনের ক্ষেত্রে SIR প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন শেষ হওয়ার পর দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া শুরু করা হলে ভোটার তালিকাকে আরও নির্ভুল ও স্বচ্ছ করা সম্ভব হবে।ডেপুটেশনের সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বিশেষ করে ভোটার তালিকায় প্রকৃত ভোটারদের নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত করা, অযোগ্য বা অনুপস্থিত ভোটারদের বিষয়ে প্রয়োজনীয় যাচাই এবং তালিকার স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।প্রতিনিধি দলের সদস্যরা আশা প্রকাশ করেন, তাঁদের দাবিগুলি নির্বাচন কমিশন গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং ভিলেজ কমিটি নির্বাচন শেষ হওয়ার পর SIR প্রক্রিয়া শুরু করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এদিনের ডেপুটেশনকে ঘিরে নির্বাচন কমিশন চত্বরে রাজনৈতিক মহলেও যথেষ্ট আলোচনা লক্ষ্য করা যায়।