নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকাকে আরও নির্ভুল, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করতে সারা রাজ্যের সঙ্গে সোনামুড়া মহকুমাতেও শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR। আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে এই প্রক্রিয়া শুরু হবে। SIR-এর বিভিন্ন ধাপ, সময়সীমা এবং ভোটারদের করণীয় সম্পর্কে বিস্তারিত জানাতে সোনামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে SIR-এর পুরো প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন সোনামুড়া মহকুমা শাসক।সাংবাদিক সম্মেলনে জানানো হয়, SIR-এর গুরুত্বপূর্ণ পর্যায় শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে। ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত বুথ লেভেল অফিসার বা BLO-রা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের প্রাক-পূরণ করা Enumeration Form প্রদান করবেন এবং ফর্ম পূরণে প্রয়োজনীয় সহযোগিতা করবেন। কোনও যোগ্য ভোটার যাতে এই প্রক্রিয়া থেকে বাদ না পড়েন, সেজন্য প্রতিটি বাড়িতে BLO-দের সর্বোচ্চ তিনবার পর্যন্ত যাওয়ার নির্দেশনা রয়েছে।ভোটারদের ফর্মে দেওয়া তথ্য ভালোভাবে যাচাই করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে BLO-র কাছে জমা দিতে হবে। পাশাপাশি অনলাইনেও Enumeration Form পূরণ ও জমা দেওয়ার সুযোগ থাকবে।সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, বাড়ি বাড়ি Enumeration-এর সময় BLO কোনও নথি সংগ্রহ করবেন না। পরবর্তীতে কোনও ভোটারের তথ্যের অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হলে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট ERO প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য নোটিশ দিতে পারেন।নির্ধারিত সূচি অনুযায়ী ২১ অক্টোবর ২০২৬ প্রকাশিত হবে SIR-এর খসড়া ভোটার তালিকা। খসড়া তালিকায় কোনও যোগ্য ভোটারের নাম না থাকলে, নাম বা তথ্যের ক্ষেত্রে ভুল থাকলে কিংবা কোনও নাম নিয়ে আপত্তি থাকলে নির্ধারিত নিয়মে দাবি ও আপত্তি জানানো যাবে।২১ অক্টোবর থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত দাবি ও আপত্তি দাখিল করা যাবে। এরপর ১৯ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দাবি ও আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়া চলবে। সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর ২৩ ডিসেম্বর ২০২৬ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।SIR-এর পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে BLO, BLO Supervisor, ERO, AERO-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভোটারদের সহায়তার জন্য Help Desk-এর ব্যবস্থাও থাকবে।সোনামুড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে নির্বাচন দপ্তরের সরকারি নির্দেশিকা এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে সঠিক তথ্য জানার জন্য আবেদন জানানো হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, SIR-এর মূল লক্ষ্য হলো—কোনও যোগ্য ভোটার যেন বাদ না পড়েন এবং কোনও অযোগ্য নাম যেন ভোটার তালিকায় না থাকে। তাই নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের ভোটার সংক্রান্ত তথ্য যাচাই করে SIR প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য সকল ভোটারের প্রতি আহ্বান জানানো হয়েছে।