নিজস্ব প্রতিনিধি: আগরতলার চন্দ্রপুর কাটাখালে দুর্বল বাঁশের সেতুতে ফের দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার ওই বাঁশের সেতু দিয়ে যাওয়ার সময় একটি গরু নিচে পড়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খবর দেওয়ার পর প্রায় এক ঘণ্টা সময় নিয়ে ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে দীর্ঘ প্রচেষ্টার পর গরুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারের পর গরুটির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়রা।স্থানীয়দের দাবি, চন্দ্রপুর কাটাখালের উপর তৈরি এই বাঁশের সেতুটি অত্যন্ত দুর্বল এবং দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিন এই সেতুর উপর দিয়ে এলাকার মানুষজনকে চলাচল করতে হয়। বিশেষ করে শিশু, বয়স্ক মানুষ এবং গবাদি পশু নিয়ে চলাচলের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।বাসিন্দাদের বক্তব্য, গত দু’বারের বন্যার পর সেতুটির অবস্থা আরও খারাপ হয়ে যায়। বিষয়টি নিয়ে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমা মজুমদারকে একাধিকবার জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ীভাবে সেতুটি সংস্কার বা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
প্রায় ৩০ ফুট জায়গার উপর থাকা এই সেতুটির জন্য এলাকার প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছে বলে দাবি করা হচ্ছে। সামান্য একটি ভালো ও নিরাপদ সেতু নির্মাণ করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হতে পারে বলে মনে করছেন বাসিন্দারা।গরু উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ফের একবার সেতুটির দুরবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষ। তাদের প্রশ্ন, বারবার জানানোর পরও কেন সেতুটি মেরামত বা নতুন করে নির্মাণ করা হচ্ছে না? বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধি বিষয়টিতে দ্রুত হস্তক্ষেপ করবেন—এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের।এখন দেখার বিষয়, এই ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ওয়ার্ড কাউন্সিলর এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে কতটা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।