নিজস্ব প্রতিনিধি:উওর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমাধীন সেন্ট পিটার স্কুলের হোস্টেলে এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে তৎকালীন হোস্টেল ওয়ার্ডেন উদয় কুমার রিয়াংকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল ধর্মনগর বিশেষ পকসো আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার পক্ষের আইনজীবী সুদর্শন শর্মা জানান,২০২২ সালের ২১ নভেম্বর কাঞ্চনপুর থানায় মামলা দায়ের হয়। অভিযোগ অনুযায়ী,ঘটনার পূর্ববর্তী প্রায় দুই মাস ধরে অভিযুক্ত ওয়ার্ডেন হোস্টেলের রান্নাঘর ও নিজের ঘরে ডেকে নিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করেন।মামলাটি পরবর্তীতে ধর্মনগর বিশেষ পকসো আদালতে স্থানান্তরিত হয়। তদন্তকারী আধিকারিক সঞ্জিত ত্রিপুরা তিন মাসের মধ্যে আদালতে চার্জশিট পেশ করেন। দীর্ঘ শুনানি চলাকালীন সরকার পক্ষের আইনজীবী মোট ১৬ জন সাক্ষীকে আদালতে হাজির করেন।চূড়ান্ত শুনানি শেষে বিচারক সুদীপ্ত চৌধুরী অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। শনিবার সাজা ঘোষণার সময় পকসো আইনের ৪ নম্বর ধারায় ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানার পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির ৫০৬ ধারায় আরও ৩ মাসের কারাদণ্ড দেন আদালত। এই সাজা মূল কারাদণ্ডের সঙ্গেই কার্যকর হবে।সরকার পক্ষের আইনজীবী সুদর্শন শর্মা জানান,এই কঠোর রায় সমাজে অপরাধীদের মধ্যে ভয়ের বার্তা পৌঁছে দেবে এবং শিশুদের বিরুদ্ধে এ ধরনের অপরাধ প্রতিরোধে সহায়ক হবে।