নিজস্ব প্রতিনিধি: মনস্রী চৌধুরীর চিকিৎসার জন্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে বড় বাধার কথা জানাল হাসপাতাল কর্তৃপক্ষ। ২৭ জুলাই ২০২৬ তারিখে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতালের পক্ষ থেকে Tata Trusts, Mumbai-কে দেওয়া একটি চিঠিতে মনস্রীর চিকিৎসা সংক্রান্ত সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ও হেড অব ডিপার্টমেন্ট ড. বিধান গোস্বামীর স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, মনস্রী কোনও রাজ্য সরকারের মেডিক্যাল স্কিমের জন্য যোগ্য নন। ফলে রাজ্য সরকারের কোনও মেডিক্যাল প্রকল্পের আওতায় তাঁর চিকিৎসার সুবিধা পাওয়া যাচ্ছে না বলে নথিতে জানানো হয়েছে। চিঠিতে আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY) নিয়েও তথ্য দেওয়া হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ রয়েছে। তবে মনস্রীর প্রয়োজনীয় চিকিৎসার প্যাকেজটি AB-PMJAY-এর আওতাভুক্ত নয়। এর ফলে সরকারি স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে মনস্রীর প্রয়োজনীয় চিকিৎসার খরচ বহনের সুযোগ সীমিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আশায় Tata Trusts-এর কাছে আবেদন জানানো হয়েছে। হাসপাতালের এই চিঠিতে সরকারি প্রকল্পের আওতায় মনস্রীর চিকিৎসার সুবিধা না থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে। ফলে তাঁর চিকিৎসা চালিয়ে যেতে প্রয়োজনীয় আর্থিক সহায়তার জন্য পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি বিভিন্ন সংস্থার সহযোগিতার দিকেও তাকিয়ে রয়েছে পরিবার।