নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরার প্রতিভার তালিকায় যুক্ত হলো আরও একটি উজ্জ্বল নাম। গোমতী জেলার উদয়পুরের কৃতি কন্যা সায়ন্তিকা ধর কলকাতার বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে রাজ্যের নাম উজ্জ্বল করেছেন। ‘মা দুর্গা প্রোডাকশন’-এর প্রযোজনায় এবং পরিচালক রঞ্জন দত্তের পরিচালনায় সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ‘আনন্দ আশ্রম’-এর মাধ্যমে তাঁর টলিউডে অভিষেক ঘটে। গত ৩১ জুলাই ২০২৬ মুক্তিপ্রাপ্ত এই পারিবারিক ড্রামা ইতিমধ্যেই দর্শক ও শিল্পমহলে সাড়া ফেলেছে।ত্রিপুরা পুলিশের প্রয়াত ডিএসপি সুরজিৎ ধর ও গৃহিণী রাখি সিংহ ধরের কন্যা সায়ন্তিকা বর্তমানে নবম শ্রেণীর ছাত্রী। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি ক্লাসিকাল ও ওয়েস্টার্ন নাচে দক্ষতা অর্জন করেন তিনি। ২০২৫ সালে সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন দেখে অভিনয়ের জগতে প্রবেশের সুযোগ পান এবং পরবর্তীতে কলকাতায় প্রশিক্ষণ নিয়ে চলচ্চিত্রে কাজের সুযোগ লাভ করেন।‘আনন্দ আশ্রম’ ছবিটি একটি অনাথ আশ্রমকে কেন্দ্র করে সামাজিক বার্তাধর্মী গল্প তুলে ধরে, যেখানে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধের চিত্র ফুটে উঠেছে। ছবিতে সায়ন্তিকার পাশাপাশি অভিনয় করেছেন বোধিসত্ত্ব মজুমদার, কৌশিক ব্যানার্জী, লাবণী সরকারসহ একাধিক অভিজ্ঞ শিল্পী।সায়ন্তিকা জানিয়েছেন, মায়ের অনুপ্রেরণায় তিনি এই পথে এগিয়ে এসেছেন এবং ভবিষ্যতে আরও চলচ্চিত্রে কাজ করতে চান। তাঁর মা রাখি সিংহ বলেন, বর্তমান সময়ে শুধু পড়াশোনা নয়, সন্তানদের আগ্রহ অনুযায়ী এগিয়ে যেতে দেওয়াই অভিভাবকদের দায়িত্ব।সায়ন্তিকার মা রাখি সিংহ জানান, বর্তমান সময়ে সন্তানদের নিজেদের পছন্দের পথে এগিয়ে যেতে দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। টিভি সিরিয়াল ও চলচ্চিত্র জগতেও সফল ক্যারিয়ার গড়া সম্ভব বলেও তিনি মত প্রকাশ করেন।ত্রিপুরার একটি ছোট শহর থেকে টলিউডের বড় মঞ্চে সায়ন্তিকার এই সাফল্য রাজ্যের তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।