নিজস্ব প্রতিনিধি: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নতুন উদ্যোগ গ্রহণ করল পূর্বদয়া সামাজিক সংস্থা। সংস্থার পক্ষ থেকে একটি পুরনো ঘরকে সংস্কার ও মেরামত করে নতুন রূপ দেওয়ার পাশাপাশি সেখানে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে বস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয়েছে।এই উদ্যোগের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের পুরনো পোশাক বিনামূল্যে সংগ্রহ করার সুযোগ থাকবে। সংস্থার কর্ণধার নীতি দেব জনগণের উদ্দেশ্যে এই স্টলটি উন্মুক্ত করেন। স্টলে বিভিন্ন ধরনের ব্যবহারের উপযোগী পুরনো পোশাক রাখা থাকবে, যাতে প্রয়োজনীয় মানুষজন সম্পূর্ণ বিনামূল্যে সেগুলি নিতে পারেন।ত্রিপুরা রাজ্যের মানুষের কল্যাণের কথা মাথায় রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংস্থার কর্ণধার নীতি দেব। এটি পূর্বদয়া সামাজিক সংস্থার পক্ষ থেকে দ্বিতীয় নম্বর স্টল। আগামী দিনে ত্রিপুরার বিভিন্ন এলাকায় আরও এমন স্টল খোলার পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়েছে।নীতি দেব বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের অসহায় ও প্রয়োজনীয় মানুষদের সহযোগিতা করাই তাঁদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।