নিজস্ব প্রতিনিধি: জোলাইবাড়ীতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। গণেশ পুজো দেখতে গিয়ে প্রাণ হারালো ৮ বছরের শিশু তুষার মজুমদার। ঘটনাটি ঘটেছে রবিবার রাত আনুমানিক ৯ ঘটিকায় জোলাইবাড়ী ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায়। জানা যায়, লতুয়া টিলা এলাকার বাসিন্দা সুশাঙ্কর মজুমদার তার স্ত্রী রেশমি রিয়াং মজুমদার এবং ৮ বছরের ছেলে তুষারকে নিয়ে এক বাইকে করে জোলাইবাড়ীতে গণেশ পুজো দেখতে যাচ্ছিলেন। তখনই ফায়ার সার্ভিসের কাছে আচমকা বাইকের সামনে একটি কুকুর চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে বাইকটি। ঘটনার খবর পাওয়া মাত্রই জোলাইবাড়ী দমকল বাহিনীর কর্মীরা ছুটে আসেন এবং তিনজনকে উদ্ধার করে জোলাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মাঝ রাস্তায় মৃত্যু হয় ৮ বছরের তুষারের।বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার মা ও বাবা। এই ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে মুখ খুলতে নারাজ হন নিহতের বাবা। পরবর্তীতে তুষারের জেঠু শংকর মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিবরণ দেন। তবে এই দুর্ঘটনার পর সবচেয়ে বড় রহস্য হলো ঘটনাস্থল থেকে ঘাতক বাইকটি উধাও হয়ে যাওয়া। কে বা কারা বাইকটি দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এর পিছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।