নিজস্ব প্রতিনিধি: বৃষ্টিকে উপেক্ষা করে ধর্মনগরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা ও রোড শো বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান।আসন্ন ধর্মনগর পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিজেপির নির্বাচনী প্রচারে উত্তর ত্রিপুরা সফরে এসে শুক্রবার পানিসাগর ও ধর্মনগরে পরপর দুটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।শুক্রবার রেলযোগে পানিসাগরে পৌঁছে প্রথমে পানিসাগর মুক্তমঞ্চে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। পানিসাগরের সভা শেষ করে তিনি সোজা চলে আসেন ধর্মনগরে। সেখানে প্রথমে একটি বর্ণাঢ্য রোড শোয়ের মাধ্যমে নির্বাচনী প্রচার করেন। পরবর্তী সময়ে তিনি যোগ দেন বিজেপির আয়োজিত নির্বাচনী জনসভায়। এদিন ধর্মনগরের নির্বাচনী জনসভায় বৃষ্টিও যেন বিজেপি সমর্থকদের উৎসাহে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বৃষ্টি উপেক্ষা করেই হাতে দলীয় পতাকা নিয়ে হাজার হাজার সমর্থকের উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দলীয় কর্মী-সমর্থকদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি নির্বাচনী প্রচারে বাড়তি মাত্রা যোগ করে। জনসভার শুরুতেই মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে দলীয় নেতৃত্ব ও কর্মীদের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এদিনের জনসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তী, বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস, জেলা সভাধিপতি অপর্ণা নাথ, মলিনা দেবনাথ-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প এবং বিগত সময়ে রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা এবং যোগাযোগ পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উপস্থিত জনতার সামনে তুলে ধরেন তিনি। পাশাপাশি আসন্ন ধর্মনগর পুর পরিষদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী দলীয় কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী ময়দানে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ধর্মনগর পুর পরিষদের ২৫টি আসনে বিজেপির মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য উপস্থিত জনসাধারণের কাছে আবেদন রাখেন তিনি।সব মিলিয়ে, বৃষ্টিস্নাত শুক্রবারে ধর্মনগরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার ও জনসভাকে ঘিরে বিজেপি শিবিরে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এখন দেখার বিষয়, নির্বাচনের ভোটবাক্সে এই জনসমাগম ও প্রচারের প্রভাব কতটা প্রতিফলিত হয়।