আগরতলা।। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া বন্ধ, ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের আন্দোলনের পথে কংগ্রেস। এই দাবিগুলিকে সামনে রেখে আগামী ৩০ অক্টোবর ত্রিপুরায় এবং ১ নভেম্বর দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি পালনের কথা জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র প্রবীর চক্রবর্তী।এদিন আগরতলায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশনের বর্তমান পদ্ধতিতে পরিবর্তন আনা জরুরি। পাশাপাশি নির্বাচন কমিশনারদের আইনি সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থারও পরিবর্তন দাবি করেন তিনি।প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, বিজেপি রাজনৈতিকভাবে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। তবে এ ধরনের চেষ্টা সফল হবে না বলে দাবি করে তিনি বলেন, বিজেপির আক্রমণের মুখে কংগ্রেস আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হচ্ছে।নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং গণতন্ত্র রক্ষার দাবিতে কংগ্রেসের আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান প্রদেশ কংগ্রেসের মুখপাত্র।