নিজস্ব প্রতিনিধি: সিপি আই এম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ বিজেপি ও মথার বিরুদ্ধে, কমলপুরে বিক্ষোভ মিছিল ও মহকুমা পুলিশ আধিকারিককে ডেপুটেশনশ্রীরামপুর ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল কমলপুরের রাজনীতি। গভীর রাতের অন্ধকারে শ্রীরামপুর ভিলেজ কমিটির সিপিআইএম প্রার্থীর বাড়িতে বিজেপি এবং তিপ্রা মথা আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে, দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং নির্বাচনে দলীয় প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সরব হলো সিপিআইএম। ঘটনার প্রতিবাদে কমলপুর শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি কমলপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা পুলিশ আধিকারিকের (SDPO) কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সিপিআইএমের এক প্রতিনিধি দল কমলপুর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট একটি স্মারকলিপি (ডেপুটেশন) প্রদান করে।এদিনের এই বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন প্রদান কর্মসূচিতে সিপিআইএমের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। নেতৃত্ব দেন পার্টির সিনিয়র নেতা কল্যাণী রায়, সুবীর দেব, সুলেমান আলী, হিমাদ্রী দত্ত, অঞ্জন ব্রহ্মা সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।বিক্ষোভ সভা থেকে নেতৃত্ব অভিযোগ করেন যে, নির্বাচনকে ঘিরে বিরোধীদের ভয় পেতেই শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের অগণতান্ত্রিক ও হিংসাত্মক পথ বেছে নিয়েছে। অবিলম্বে প্রার্থীর ওপর আক্রমণকারীদের গ্রেফতার করা না হলে এবং প্রার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা না দিলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করা হবে বলে ডেপুটেশন শেষে নেতৃত্বের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।