Tags

Share this article

 গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, পশ্চিম থানার পুলিশের সাফল্য

গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, পশ্চিম থানার পুলিশের সাফল্য

নিজস্ব প্রতিনিধি: আগরতলা শহরে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। পুলিশের তল্লাশিতে একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গাঁজা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আগরতলার লেইক চৌমুহনী এলাকায়।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লেইক চৌমুহনী এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালায় পশ্চিম থানার পুলিশ। তল্লাশির সময় গাড়ির ভিতর থেকে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম হন পুলিশকর্মীরা। ঘটনায় গাড়িটি আটক করা হয়েছে এবং গাঁজা পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।এই অভিযানে উপস্থিত ছিলেন পশ্চিম থানার ওসি সঞ্জিত সেন। মাদক পাচার ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পশ্চিম থানার পুলিশের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।ঘটনার পর লেইক চৌমুহনী এলাকায় পুলিশের তৎপরতা আরও বাড়ানো হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ এবং এই ঘটনায় কতজনকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলার মুক্তধারা হলে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলার মুক্তধারা হলে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক ও ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার মুক্তধারা হলে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বিধায়িকা মীনা রাণী সরকার, এলাকার কাউন্সিলরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন, কর্ম ও চিন্তাধারার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ছিলেন একজন মহান চিন্তাবিদ ও দূরদর্শী দার্শনিক। ভারতীয় সমাজব্যবস্থা, সংস্কৃতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়ন নিয়ে তাঁর চিন্তাভাবনা দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলেছে।মুখ্যমন্ত্রী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ‘অন্ত্যোদয়’-এর ভাবনার কথাও তুলে ধরেন। সমাজের শেষ সারিতে থাকা মানুষের উন্নয়ন ও কল্যাণকে গুরুত্ব দেওয়ার যে দর্শন তিনি তুলে ধরেছিলেন, তা আজও প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর আদর্শ ও চিন্তাধারা থেকে অনুপ্রেরণা নিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে বক্তারা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের সরল জীবনযাপন, দেশপ্রেম, সাংগঠনিক দক্ষতা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য তাঁর চিন্তাভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত সকলে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।এদিনের অনুষ্ঠানকে ঘিরে মুক্তধারা হল প্রাঙ্গণে দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিও ছিল লক্ষ্যণীয়। পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
সিপি আই এম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ!

সিপি আই এম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ!

নিজস্ব প্রতিনিধি: সিপি আই এম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ বিজেপি ও মথার বিরুদ্ধে, কমলপুরে বিক্ষোভ মিছিল ও মহকুমা পুলিশ আধিকারিককে ডেপুটেশন​শ্রীরামপুর ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল কমলপুরের রাজনীতি। গভীর রাতের অন্ধকারে শ্রীরামপুর ভিলেজ কমিটির সিপিআইএম প্রার্থীর বাড়িতে বিজেপি এবং তিপ্রা মথা আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। ​এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে, দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং নির্বাচনে দলীয় প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সরব হলো সিপিআইএম। ঘটনার প্রতিবাদে কমলপুর শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি কমলপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা পুলিশ আধিকারিকের (SDPO) কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সিপিআইএমের এক প্রতিনিধি দল কমলপুর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট একটি স্মারকলিপি (ডেপুটেশন) প্রদান করে।​এদিনের এই বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন প্রদান কর্মসূচিতে সিপিআইএমের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। নেতৃত্ব দেন পার্টির সিনিয়র নেতা কল্যাণী রায়, সুবীর দেব, সুলেমান আলী, হিমাদ্রী দত্ত, অঞ্জন ব্রহ্মা সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।​বিক্ষোভ সভা থেকে নেতৃত্ব অভিযোগ করেন যে, নির্বাচনকে ঘিরে বিরোধীদের ভয় পেতেই শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের অগণতান্ত্রিক ও হিংসাত্মক পথ বেছে নিয়েছে। অবিলম্বে প্রার্থীর ওপর আক্রমণকারীদের গ্রেফতার করা না হলে এবং প্রার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা না দিলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করা হবে বলে ডেপুটেশন শেষে নেতৃত্বের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।
জল জীবন মিশন প্রকল্পের নির্মাণ কাজ ঘিরে ক্ষোভ সাব্রুমবাসীর!

জল জীবন মিশন প্রকল্পের নির্মাণ কাজ ঘিরে ক্ষোভ সাব্রুমবাসীর!

নিজস্ব প্রতিনিধি: আধিকারিকদের ম্যানেজ করে চলছে দেদার হরিরলুট বাণিজ্য!!প্রধানমন্ত্রী জল জীবন মিশনের প্রকল্পের নির্মাণ কাজ ঘিরে সাব্রুমে ক্ষোভ, উঠছে একাধিক প্রশ্ন ?সাব্রুম মহকুমার সাব্রুম নগর পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে ডিডাব্লিউএস দপ্তরের প্রধানমন্ত্রী জল জীবন মিশনের কাজ ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। পানীয় জল সরবরাহের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা নিশ্চিত করতে প্রকল্পটির বাস্তবায়ন জরুরি হলেও কাজের ধরন,পাইপলাইন বসানোর গভীরতা এবং রাস্তা ব্যবহারে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। সৎ নিষ্ঠাবান জনগণের প্রকৃত বন্ধু তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহাশয় রাজ্যের জনগণের কথা মাথায় রেখে কালখাম ঝড়িয়ে কেন্দ্রীয় সরকার থেকে রাজ্যের উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাত নিয়ে আসলেও এক শ্রেণীর আধিকারিক ও স্বার্থন্বেষী কিছু ঠিকাদার জন্য সঠিকভাবে নির্মাণ কাজ করা হয়েছে না বলে রাজ্যের বিভিন্ন মহলের দাবি। স্থানীয়দের অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট গভীরতায় পাইপলাইন বসানোর কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা যথাযথভাবে মানা হচ্ছে না। ঠিকাদার সংস্থা সম্পূর্ণ নিজের মর্জি মাফিক নির্মাণ কাজ করে যাচ্ছে। আর এই নিয়ে ক্যামেরার সামনে সত্যতা স্বীকার করে নিলেন এ কাজের ম্যানেজার। কোথাও কোথাও প্রায় এক ফুট থেকে দেড় ফুট গভীরতার মধ্যেই পাইপলাইন বসানোর কাজ শেষ করে দেওয়া হচ্ছে। এদিকে রাস্তার পাশে নতুন করে পাইপলাইন বসানোর কাজকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ স্থানীয়দের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, নির্মাণ কাজের কারণে রাস্তা ও সংলগ্ন এলাকায় চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে দৈনন্দিন যাতায়াত ও অন্যান্য কাজে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, উন্নয়নের নামে পরিচালিত কোনো প্রকল্প যদি মানুষের সুবিধা বাড়ানোর পরিবর্তে দুর্ভোগ সৃষ্টি করে, তাহলে সেই প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে কি না। স্থানীয়দের অভিযোগ প্রকল্পের নির্মাণ কাজ শেষ করার পাশাপাশি নির্ধারিত নিয়ম মেনে গুণগত মান বজায় রাখা। শুধু তাই নয় অফিসের বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, যে প্লাস্টিকের ফাইভ বসানো হচ্ছে সেগুলি খুবই নির্মাণের। দপ্তরের ইঞ্জিনিয়ার বাবুরা নিজে দাঁড়িয়ে থেকে নিজেরাই খুবই নির্ম মানের প্লাস্টিক ফাইভ বসানোর জন্য সাহায্য করছেন ঠিকাদার সংস্থাকে। আবার রাস্তার কিছু কিছু জায়গাতে লোহার পাইপ ইভ বসানো নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে। সাব্রুম নগরের সাধারণ জনগণের আরো অভিযোগ রাস্তার নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের চলাচল স্বাভাবিক রাখাও খুবই গুরুত্বপূর্ণ।ফলে পাইপলাইন বসানোর গভীরতা, কাজের মান এবং রাস্তা ব্যবহারে সৃষ্ট সমস্যার বিষয়ে কর্তৃপক্ষের ব্যাখ্যা পাওয়া জরুরি বলে মনে করছেন এলাকাবাসী।স্থানীয় বাসিন্দাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি খতিয়ে দেখুক, প্রয়োজনে কাজের মান পরীক্ষা করুক এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।
দুর্গাপূজায় যানজট নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ, ট্রাফিক নিয়ম ও ই-চালান নিয়ে বিস্তারিত জানালেন ট্রাফিক এসপি

দুর্গাপূজায় যানজট নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ, ট্রাফিক নিয়ম ও ই-চালান নিয়ে বিস্তারিত জানালেন ট্রাফিক এসপি

নিজস্ব প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে আগরতলা শহরের যানজট নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ট্রাফিক দপ্তর। দুর্গাপূজার সময় শহরে যানবাহন ও পথচারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় ইতিমধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যানজটপ্রবণ স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ শুরু হয়েছে।এ বিষয়ে শুক্রবার এডি নগরস্থিত ট্রাফিক ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন ট্রাফিক এসপি কান্তা জাঙ্গীর। সাংবাদিক সম্মেলনে তিনি দুর্গাপূজার সময় ট্রাফিকের নিয়মাবলী, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, পার্কিং ব্যবস্থা এবং ই-চালান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যানজটের সমস্যা নিয়েও এদিন আলোচনা করেন ট্রাফিক এসপি। বিশেষ করে নাগেরজলা ব্রিজের উপর যানজট, সিটি সেন্টার এবং ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় যানবাহনের চাপ নিয়ে ট্রাফিক দপ্তরের পরিকল্পনার কথা তুলে ধরা হয়। পূজার দিনগুলিতে এসব গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হতে পারে। তাই পরিস্থিতি অনুযায়ী ট্রাফিক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।এছাড়াও শহরের বিভিন্ন বাজার এলাকায় অবৈধ পার্কিং, নো-এন্ট্রি ও ওয়ান-ওয়ে নিয়ম না মানা এবং রাস্তার উপর দীর্ঘ সময় ভারী যানবাহন দাঁড়িয়ে থাকার বিষয়টি নিয়েও ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্প্রতি মহারাজগঞ্জ বাজারে ব্যবসায়ী, বাজার কমিটি ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে যানজটের কারণ চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।ট্রাফিক এসপি জানান, শুধু জরিমানা বা আইন প্রয়োগের মাধ্যমে নয়, সাধারণ মানুষ, ব্যবসায়ী, পরিবহন সংগঠন ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতার মাধ্যমেই দুর্গাপূজার সময় আগরতলা শহরের যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব। একইসঙ্গে সকলকে ট্রাফিক আইন মেনে চলা এবং নির্দিষ্ট স্থানে যানবাহন পার্ক করার আহ্বান জানানো হয়।দুর্গাপূজাকে কেন্দ্র করে শহরের ব্যস্ত এলাকাগুলিতে ট্রাফিক পুলিশের নজরদারি ও সমন্বয় আরও জোরদার করা হবে বলেও সাংবাদিক সম্মেলনে জানানো হয়।
ধনপুরে সম্রাটের নেতৃত্বে বিজেপির প্রচারে ঝড়

ধনপুরে সম্রাটের নেতৃত্বে বিজেপির প্রচারে ঝড়

নিজস্ব প্রতিনিধি: পাহাড় থেকে গ্রাম ছুটে বেড়াচ্ছেন ভিসি নির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারে যুবনেতা সম্রাট রায় । প্রদেশ যুব মোর্চার গুরুদায়িত্ব পেয়েই হাইকমান্ডের নির্দেশ মোতাবেক পাহাড়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক এবং জনসংযোগ কর্মসূচি পালন করে চলছেন । মূল লক্ষ্য তৃণমূল পর্যায়ে পৌঁছে সাংগঠনিক শক্তি বাড়ানো  । বাম বিরোধী আন্দোলনের পোড় খাওয়া নেতা হিসেবে যুব নেতা সম্রাট রায় । জনজাতি এলাকার মানুষের কাছে ঘরের ছেলে হয়ে উঠতে পেরেছেন । তিনি আশাবাদী ভিসি নির্বাচনে বিজেপির পদ্ম দিকেদিকে ফুটবে । বিরোধীরা যতই চক্রান্ত করুক কোন লাভ হবে না । অস্তিত্ব সংকটে দিশেহারা হয়ে অপ্রলাপ শুরু করে হাসির খোরাক হয়ে গেছে বলেও তোপ দাগলেন সম্রাট রায় । ধনপুরে প্রচারে বিজেপির প্রচারে স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে ব্যাপক ঝড় তোলেন ।
১৮৫৬ জন টেট উত্তীর্ণের একযোগে নিয়োগের দাবিতে ফের জেআরবিটি বোর্ডে চাকরিপ্রার্থীরা

১৮৫৬ জন টেট উত্তীর্ণের একযোগে নিয়োগের দাবিতে ফের জেআরবিটি বোর্ডে চাকরিপ্রার্থীরা

আগরতলা, বৃহস্পতিবার: ২০২৪ সালে টেট-১ ও টেট-২ উত্তীর্ণ ১৮৫৬ জন চাকরিপ্রার্থীর একযোগে নিয়োগের দাবিতে ফের জেআরবিটি বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে যান বেকার যুবক-যুবতীরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা সকল উত্তীর্ণ প্রার্থীকেই অবিলম্বে একসঙ্গে নিয়োগ করতে হবে।চাকরিপ্রার্থীদের অভিযোগ, নিয়োগের দাবি নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করা হলেও এখনও পর্যন্ত তাঁদের সঙ্গে দেখা করার সুযোগ মেলেনি। ফলে তাঁদের মধ্যে ক্ষোভ বাড়ছে।চাকরিপ্রার্থীরা জানান, তাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় রয়েছেন। তাই দ্রুত তাঁদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।তাঁদের আরও বক্তব্য, সরকারের পক্ষ থেকে দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।
পশ্চিম থানার নাকের ডগায় অটো চুরি, ২৪ ঘণ্টা পরও মেলেনি হদিস

পশ্চিম থানার নাকের ডগায় অটো চুরি, ২৪ ঘণ্টা পরও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি ,আগরতলা, ২৪ সেপ্টেম্বর: একদিকে শহরে চুরি-ছিনতাই রুখতে পুলিশের তৎপরতার কথা বলা হচ্ছে, অন্যদিকে পুলিশের আওতাধীন এলাকায় একের পর এক চুরির ঘটনায় প্রশ্ন উঠছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। ফের পশ্চিম থানা এলাকার বটতলা মহাশ্মশানের সামনে থেকে অটোরিকশা চুরির অভিযোগ উঠেছে।জানা গেছে, গতকাল এক আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিতে বটতলা মহাশ্মশানে গিয়েছিলেন অটো মালিক। বৃষ্টির কারণে অটোরিকশাটি বাইরে রেখে তিনি শ্মশানের ভিতরে যান। অনুষ্ঠান শেষে ফিরে এসে দেখেন, নির্দিষ্ট স্থানে আর নেই তাঁর অটোরিকশা। আশপাশে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে প্রথমে বটতলা আউটপোস্টে বিষয়টি জানান এবং পরে পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেন বলে জানান তিনি।চুরি যাওয়া অটোরিকশাটির নম্বর TR01N2515। মালিকের দাবি, অটোরিকশাটিই তাঁর পরিবারের আয়ের অন্যতম প্রধান মাধ্যম। ঋণ নিয়ে কেনা অটোর কিস্তি, সংসারের খরচ এবং পরিবারের চিকিৎসার ব্যয়—সব মিলিয়ে অটোটি চুরি হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন তিনি।ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অটোরিকশাটির কোনও হদিস না মেলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অটো মালিক। তাঁর দাবি, দ্রুত অটোটি উদ্ধার করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।একদিকে পুলিশ চোর ধরার অভিযান চালাচ্ছে, অন্যদিকে শহরের বিভিন্ন এলাকা থেকে অটো চুরির অভিযোগ সামনে আসছে—তাহলে পরিস্থিতি আসলে কোথায় দাঁড়িয়ে? পুলিশের তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও উঠছে নানা প্রশ্ন। পশ্চিম থানার পক্ষ থেকে এই ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অটো উদ্ধারে তদন্ত কতদূর এগিয়েছে, সেটিই এখন দেখার বিষয়।
 নারাউড়া এলাকা থেকে বিশাল আকারের অজগর সাপ উদ্ধার!

নারাউড়া এলাকা থেকে বিশাল আকারের অজগর সাপ উদ্ধার!

নিজস্ব প্রতিনিধি:বৃহস্পতিবার দুপুরে বিশালগড় নারাউড়া এলাকা থেকে এলাকার জনগণ একটি বিশাল আকারের অজগর সাপ দেখতে পায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সিপাহী জলা বন দপ্তরের কর্মীদেরকে। বন দপ্তরের কর্মীরা ঘটনার স্থলে ছুটে গিয়ে বিশাল আকারের অজগর সাপটিকে উদ্ধার করে সিপাহী জলা চিড়িয়াখানায় নিয়ে যায়। 
 সোমনাথ যাত্রার তীর্থযাত্রীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর  সাক্ষাৎ

সোমনাথ যাত্রার তীর্থযাত্রীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি ,আগরতলা: সোমনাথ যাত্রায় অংশ নেওয়া ৭২ জন তীর্থযাত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সরকারি বাংলোর কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি তীর্থযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের যাত্রার অভিজ্ঞতা ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।এদিন মুখ্যমন্ত্রী তীর্থযাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের সোমনাথ যাত্রার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তীর্থযাত্রীরা তাঁদের যাত্রাপথের অভিজ্ঞতা, সোমনাথ মন্দির দর্শন এবং তীর্থস্থানগুলিতে তাঁদের অনুভূতির কথাও মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন।সাক্ষাৎ শেষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে তিনি সোমনাথ যাত্রা এবং তীর্থযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ সংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, ধর্মীয় ও আধ্যাত্মিক পর্যটনের পাশাপাশি দেশের বিভিন্ন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ তীর্থস্থানের সঙ্গে মানুষের যোগাযোগ আরও বৃদ্ধি পাওয়াও গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে তীর্থযাত্রীদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পেয়ে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, এই ধরনের উদ্যোগ তীর্থযাত্রাকে আরও স্মরণীয় করে তোলে।এদিনের সাক্ষাৎকে ঘিরে মুখ্যমন্ত্রীর সরকারি বাংলোয় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়। তীর্থযাত্রীদের সঙ্গে দীর্ঘক্ষণ মতবিনিময়ের পর সংবাদমাধ্যমের সামনে এসে গোটা বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী।