নিজস্ব প্রতিনিধি ,আগরতলা, ২৪ সেপ্টেম্বর: একদিকে শহরে চুরি-ছিনতাই রুখতে পুলিশের তৎপরতার কথা বলা হচ্ছে, অন্যদিকে পুলিশের আওতাধীন এলাকায় একের পর এক চুরির ঘটনায় প্রশ্ন উঠছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। ফের পশ্চিম থানা এলাকার বটতলা মহাশ্মশানের সামনে থেকে অটোরিকশা চুরির অভিযোগ উঠেছে।জানা গেছে, গতকাল এক আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিতে বটতলা মহাশ্মশানে গিয়েছিলেন অটো মালিক। বৃষ্টির কারণে অটোরিকশাটি বাইরে রেখে তিনি শ্মশানের ভিতরে যান। অনুষ্ঠান শেষে ফিরে এসে দেখেন, নির্দিষ্ট স্থানে আর নেই তাঁর অটোরিকশা। আশপাশে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে প্রথমে বটতলা আউটপোস্টে বিষয়টি জানান এবং পরে পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেন বলে জানান তিনি।চুরি যাওয়া অটোরিকশাটির নম্বর TR01N2515। মালিকের দাবি, অটোরিকশাটিই তাঁর পরিবারের আয়ের অন্যতম প্রধান মাধ্যম। ঋণ নিয়ে কেনা অটোর কিস্তি, সংসারের খরচ এবং পরিবারের চিকিৎসার ব্যয়—সব মিলিয়ে অটোটি চুরি হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন তিনি।ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অটোরিকশাটির কোনও হদিস না মেলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অটো মালিক। তাঁর দাবি, দ্রুত অটোটি উদ্ধার করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।একদিকে পুলিশ চোর ধরার অভিযান চালাচ্ছে, অন্যদিকে শহরের বিভিন্ন এলাকা থেকে অটো চুরির অভিযোগ সামনে আসছে—তাহলে পরিস্থিতি আসলে কোথায় দাঁড়িয়ে? পুলিশের তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও উঠছে নানা প্রশ্ন। পশ্চিম থানার পক্ষ থেকে এই ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অটো উদ্ধারে তদন্ত কতদূর এগিয়েছে, সেটিই এখন দেখার বিষয়।