নিজস্ব প্রতিনিধি: তোলাবাজি, অ্যাসিড-সন্ত্রাস ও শ্লীলতাহানিতে ধমকে নন্দীটিলাদক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমার অন্তর্গত সোনিয়ারখিল নন্দীটিলায় দুষ্কৃতী রাজত্ব যেন সমস্ত সীমা অতিক্রম করেছে। বি এস এফের তল্লাশিতে বেআইনি পাচারি মাল বাজেয়াপ্ত হওয়ার পর সেই সন্দেহের জেরে প্রতিবেশী শম্ভু দত্তের পরিবারের ওপর নেমে এসেছে অমানসিক নির্যাতন। গভীর রাতে ঘরের টিন কেটে তাণ্ডব চালানো, পরিবারের দাদু-ঠাকুরমার মঠ ভাঙচুর এবং পানের জলে অ্যাসিড ঢেলে দেওয়ার মতো নৃশংসতায় এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।শুধু সম্পত্তি ধ্বংসেই ক্ষান্ত হয়নি অভিযুক্ত বিষ্ণু শীল; শম্ভু দত্তের স্ত্রীকে ১৭ লাখ টাকার আকাশছোঁয়া তোলার জন্য প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি ভোরের আলো ফোটার আগেই তাঁর ওপর চালানো হয়েছে নারকীয় শ্লীলতাহানির চেষ্টা। দীর্ঘদিনের যৌন হয়রানি ও ব্ল্যাকমেইলিংয়ের এই বিষাক্ত পরিবেশ সাধারণ মানুষের স্বাভাবিক বেঁচে থাকার অধিকারকেই কেড়ে নিয়েছে।স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র কলুষিত করা থেকে শুরু করে মধ্যরাতের সীমান্ত পাচার—অভিযুক্তের দাপটে দীর্ঘদিন থমকে গ্রামটি। শ্রীনগর ফাঁড়ির পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছলেও এই ঘটনা স্পষ্ট করে দেয় যে গ্রামীণ সামাজিক নিরাপত্তা আজ সম্পূর্ণ ধ্বংসের মুখে। যেখানে একজন মহিলা নিজের ভিটায় দাঁড়িয়ে সম্মান ও জীবন বাঁচানোর আকুতি জানান, সেখানে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক নজরদারি নিয়ে তীব্র সংশয় তৈরি হয়েছে।