আগরতলা: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে এক মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সোমবার আগরতলা সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এক মাসব্যাপী রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে সাধারণ মানুষের অংশগ্রহণে এই কর্মসূচিগুলি আয়োজন করা হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, প্রদীপ প্রজ্বলন সহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ। রাজ্যের বিভিন্ন জেলা ও এলাকায় পর্যায়ক্রমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে রক্তদান ও স্বাস্থ্য শিবিরের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।এছাড়াও শিশু-কিশোরদের অংশগ্রহণে বসে আঁকো প্রতিযোগিতা এবং বিভিন্ন স্থানে প্রদীপ প্রজ্বলনের মতো কর্মসূচির মাধ্যমে জন্মদিন উদযাপন করা হবে। এক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচিগুলি চলবে।সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে এই সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে আরও সচেতনতা এবং জনসম্পৃক্ততা গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।