আগরতলা, ৮ জুলাই: দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানশ্রী চৌধুরী। যার বয়স মাত্র ২২ মাস। সে এসএমএ রোগে আক্রান্ত।
তার চিকিৎসার জন্য বিশাল পরিমাণ অর্থের প্রয়োজন। এদিকে লক্ষ্য রেখে সকলে এগিয়ে আসছে সহায়তায়। অন্যান্যদের সঙ্গে শিশুকন্যার চিকিৎসার জন্য মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এল সামাজিক সংগঠন ‘সৎ ভাবনা’। বুধবার সংগঠনের পক্ষ থেকে শিশুটির পরিবারের হাতে ৮৬ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।সংগঠনের সদস্যরা জানান, শিশুটি একটি জটিল রোগে আক্রান্ত এবং তার উন্নত চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন।
এদিন ‘সৎ ভাবনা’-র পক্ষ থেকে রাজ্যের সকল শুভবুদ্ধিসম্পন্ন ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে শিশুটির চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।সংগঠনের সদস্যদের বক্তব্য, মানুষের সম্মিলিত প্রচেষ্টাই শিশুটির চিকিৎসার পথকে আরও সহজ করে তুলতে পারে। তাই মানবিক দায়িত্ববোধ থেকে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।