নিজস্ব প্রতিনিধি: টানা বর্ষণে খোয়াই নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে তেলিয়ামুড়া পুরপরিষদ এলাকার একাধিক নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতির খবর পেয়ে বুধবার মাঠে নামলেন তেলিয়ামুড়ার বিধায়ক কল্যাণী সাহা রায়। তিনি পুরপরিষদ এলাকার বিভিন্ন জলমগ্ন এলাকা ঘুরে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনের সময় বিধায়ক তথা রাজ্যের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় জলমগ্ন ও নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সমস্যার কথা শোনেন। জলবন্দি পরিবারগুলির পাশে দাঁড়িয়ে তাঁদের নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করার জন্য প্রশাসন ও পুরপরিষদের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি।বিধায়ক কল্যাণী সাহা রায় জানান, প্রাকৃতিক দুর্যোগের এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে রয়েছে প্রশাসন। কোনও বাসিন্দাকে যাতে খাদ্য, পানীয় জল, চিকিৎসা বা আশ্রয়ের ক্ষেত্রে সমস্যায় পড়তে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।এদিন তিনি খোলা আশ্রয় শিবিরগুলিও পরিদর্শন করেন। সেখানে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার খোঁজ নেন এবং শিবিরগুলিতে পর্যাপ্ত পরিষেবা বজায় রাখার নির্দেশ দেন।উল্লেখ্য, খোয়াই নদীর জলস্তর বাড়ায় তেলিয়ামুড়া পুরপরিষদ এলাকার একাধিক ওয়ার্ডে জল ঢুকেছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরাও সক্রিয়ভাবে কাজ করছেন। আবহাওয়ার অবনতি হলে আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।