নিজস্ব প্রতিনিধি ....দেশের যুবসমাজ আজ কর্ম সংস্থানের সমস্যায় দিশেহারা। কোটি কোটি বেকার যুবক কাজের সন্ধানে দেশে-বিদেশে ঘুরছে। কেন্দ্র ও রাজ্য সরকারগুলির বেকারি দূর করার কার্যকরী কোন পরিকল্পনা নেই। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দপ্তরগুলিতে লক্ষ লক্ষ পদ খালি পড়ে আছে। যতটুকু নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে, সেখানে ব্যাপক দুর্নীতি। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নিয়োগ সংস্থাগুলির বহু দুর্নীতি প্রকাশ্যে এসেছে। তাছাড়া কেন্দ্রীয় ও রাজ্য ভিত্তিক উচ্চ শিক্ষায় ভর্তির পরীক্ষা পরিচালক সংস্থাগুলিও দুর্নীতিতে নিমজ্জিত। সম্প্রতি NEET-UG পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবার ঘটনায় প্রায় ২২-লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করতে হয়েছে। এই পরীক্ষার পরিচালক সংস্থা NTA-কে বাতিল করা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশব্যাপী তীব্র ছাত্র ও যুব আন্দোলন ফেটে পড়েছে। এখনও দিল্লির যন্তর-মন্তরে আন্দোলন চলছে। এমতাবস্থায় দেশের বিপ্লবী যুব সংগঠন AIDYO এই দাবিগুলি উত্থাপন করছে: ১) কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির খালি পদ অবিলম্বে পূরণ করতে হবে। ২) সমস্ত বেকারের উপযুক্ত কাজের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। ৩) কেন্দ্রীয় পরীক্ষা পরিচালক সংস্থা NTA কে বাতিল করতে হবে। ৪) নিয়োগ পরীক্ষা, ভর্তির পরীক্ষা সহ সকল পরীক্ষার স্বচ্ছতা সুনিশ্চিত করতে হবে। ৫) কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। AIDYO, All India Committee এই দাবিগুলি নিয়ে ৪-ঠা জুলাই থেকে ৮-ই জুলাই দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী গ্রহণ করেছে। তারই অঙ্গ হিসাবে সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আজ আগরতলার সিটি সেন্টারের সামনে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ সভায় উক্ত দাবিগুলির সমর্থনে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভাপতি ভবতোষ দে। তিনি এই দাবিগুলি নিয়ে ত্রিপুরা রাজ্যেও ঐক্যবদ্ধ আন্দোলনে এগিয়ে আসতে যুবসমাজের প্রতি আহ্বান জানান।