নিজস্ব প্রতিনিধি: সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, ছেলের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন বাবা অয়াখী রায় ত্রিপুরা। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সমীর ত্রিপুরা দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিল। নেশাগ্রস্ত অবস্থায় সে প্রায়ই তার বাবার সঙ্গে অশান্তি ও মারধোর করত বলে অভিযোগ। শনিবারও একই ধরনের এক ঘটনার সময় সমীর ত্রিপুরা লাঠি দিয়ে বাবাকে আঘাত করে। সেই আঘাত অয়াখী রায় ত্রিপুরার বুকে লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে যাত্রাপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে এসডিপিও শশী মোহন দেববর্মাও ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ইতিমধ্যেই অভিযুক্ত সমীর ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে যাত্রাপুর থানার হেফাজতে রয়েছে। অন্যদিকে, নিহত অয়াখী রায় ত্রিপুরার মরদেহ ময়নাতদন্তের জন্য কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে রাখা হয়েছে।এই ঘটনাকে ঘিরে আবারও পার্বত্য ত্রিপুরায় নেশার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ সব দিক খতিয়ে দেখছে।