নিজস্ব প্রতিনিধি: জাতীয় পঞ্চায়েত পুরস্কার–২০২৫-এর অধীনে ত্রিপুরার পঞ্চায়েতগুলির উল্লেখযোগ্য সাফল্য সম্পর্কে শনিবার আগরতলার সিভিল সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন গ্রামীণ উন্নয়ন (পঞ্চায়েত) বিভাগের মন্ত্রী কিশোর বর্মন।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় স্তরে ত্রিপুরার একাধিক পঞ্চায়েত পুরস্কৃত হয়েছে। তিনি বলেন, রাজ্যের পঞ্চায়েতগুলি স্বচ্ছতা, সুশাসন, জনসেবার মানোন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং টেকসই গ্রামীণ পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।মন্ত্রী আরও বলেন, এই অর্জন রাজ্যের পঞ্চায়েত প্রতিনিধি, সরকারি কর্মী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি ভবিষ্যতে পঞ্চায়েতগুলিকে আরও উন্নয়নমূলক কাজে উৎসাহিত করবে।গ্রামীণ উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।