নিজস্ব প্রতিনিধি:আগরতলা, ২৬ সেপ্টেম্বর: সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা নিয়ে অ্যাসেম্বলি অব জার্নালিস্টের উদ্যোগে আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারসহ অ্যাসেম্বলি অব জার্নালিস্টের কর্মকর্তারা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।রক্তদান শিবিরে সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণির মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এদিন মোট ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি মানবিক উদ্যোগ হিসেবে অ্যাসেম্বলি অব জার্নালিস্টের পক্ষ থেকে আগরতলা জিবি হাসপাতালের জন্য পাঁচটি হুইলচেয়ার প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার হাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের জন্য এই হুইলচেয়ারগুলি তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা অ্যাসেম্বলি অব জার্নালিস্টের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, রক্তদান একটি মহান সামাজিক ও মানবিক কাজ। একজনের দান করা রক্ত সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সমাজের সকল স্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি এদিন যারা স্বেচ্ছায় রক্তদান করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে মানুষের পাশে দাঁড়িয়ে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।অ্যাসেম্বলি অব জার্নালিস্টের পক্ষ থেকে জানানো হয়, সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতা পালন করাও সংগঠনের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্যেই রক্তদান ও হুইলচেয়ার প্রদানের মতো মানবিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।