নিজস্ব প্রতিনিধি: তালাবদ্ধ ঘরের সুযোগ নিয়ে সব চুরি করে চম্পট দিল চোরের দল। ঘটনাটি ঘটেছে মেলাঘরের চর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত সুভাষ সাহার স্ত্রী মিনতি সাহা গতকাল রাতে বাড়িতে ছিলেন না। তিনি পারিবারিক কাজে বিশালগড়ে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। বাড়ি খালি থাকার সুযোগটিকেই কাজে লাগায় দুষ্কৃতীরা। চোরের দল কৌশলে একটি লাঠি ব্যবহার করে ঘরের পেছনের দরজার ভেতরের ছিটকিনি খুলে ফেলে এবং নিঃশব্দে ভেতরে প্রবেশ করে।এরপর ঘরের আলমারি ও বাক্স তছনছ করে চোরের দল সোনা ও রুপোর গয়না সহ নগদ কাঁচা পয়সা লুট করে নিয়ে যায়। তবে পালানোর সময় একটি রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনো কারণে সেটি ঘরের পেছনের অংশে ফেলে রেখে চম্পট দেয় তারা।
সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে মিনতি সাহাকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকার শান্ত পরিবেশে এমন চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই চরম আতঙ্ক ছড়িয়েছে চর এলাকায়।