রাজ্যভিত্তিক নাটক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলার ড. শ্যামাপ্রসাদ মুখার্জী টাউন হলে অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক নাটক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানি সরকার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্ত্যে সহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উত্তর গেইট সংলগ্ন দেবেশ রয়ের বাড়িতে অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য!
নিজস্ব প্রতিনিধি: রাজধানীর উত্তর গেইট এলাকায় দেবেশ রায়ের বাড়িতে শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে দ্রুত আগরতলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রাথমিকভাবে দেখা যায়, বাড়ির বিদ্যুতের মেইন লাইন পুড়ে যাওয়ায় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।তবে বাড়ির মালিকের সচেতনতা ও দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডের ফলে এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।বর্তমানে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ শুরু করেছেন। স্থানীয়দের মতে, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
চুরি মামলায় বড় সাফল্য পূর্ব থানার পুলিশের
নিজস্ব প্রতিনিধি: চিত্তরঞ্জন এলাকার চুরি মামলায় বড় সাফল্য পূর্ব থানার পুলিশের, উদ্ধার প্রায় ৩ লক্ষ টাকার চুরি যাওয়া সামগ্রীআগরতলার চিত্তরঞ্জন এলাকার বাসিন্দা শ্রীদেব সাহার বাড়িতে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। গত 12 আগস্ট বাড়ি থেকে মোবাইল ফোন, ল্যাপটপসহ প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী চুরি হয়ে যায় বলে অভিযোগ।ঘটনার পর পরিবারের পক্ষ থেকে পূর্ব থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পূর্ব থানার পুলিশ। তদন্তের সূত্র ধরে পুলিশ গন্ডাছড়া এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়।পুলিশের তৎপরতায় গতকাল রাতে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার। চুরি চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
ব্যবসায়ী শাহাজান মিয়ার বাড়িতে ইডির অভিযান, সকাল থেকেই তল্লাশি
নিজস্ব প্রতিনিধি: আগরতলায় ব্যবসায়ী শাহাজান মিয়ার বাড়িতে বুধবার সকাল থেকে অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগরতলা ওয়েস্টার্ন ক্লাব সংলগ্ন পিইসি ব্রিক ফিল্ড এলাকায় অবস্থিত শাহাজান মিয়ার বাড়িতে এদিন সকাল থেকেই ইডির আধিকারিকরা পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেন।জানা গেছে, শাহাজান মিয়ার বটতলা বাজার এলাকায় একটি দোকান রয়েছে। ব্যবসায়িক কার্যকলাপ এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে কেন্দ্র করেই এই অভিযান বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে ঠিক কী কারণে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং অভিযানে কী কী নথিপত্র বা সামগ্রী পাওয়া গেছে, সে বিষয়ে এখনও ইডির পক্ষ থেকে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি।সকাল থেকেই বাড়ির আশপাশে ইডির আধিকারিকদের উপস্থিতি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযানের সময় নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হয়। দীর্ঘ সময় ধরে বাড়ির বিভিন্ন অংশে নথিপত্র ও অন্যান্য সামগ্রী খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।ইডির এই অভিযানকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মহলে নানা আলোচনা শুরু হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযানের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত বিষয়গুলি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশের পরই অভিযানের কারণ ও তদন্তের পরবর্তী গতিপ্রকৃতি স্পষ্ট হবে।
দুটি পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক। কুমারঘাট ব্লক চৌমুহনিতে বুধবার এই দুর্ঘটনা ঘটে
নিজস্ব প্রতিনিধি: কুমারঘাটের ব্লক চৌমনি স্থিত আসাম আগরতলা জাতীয় সড়কের উপর বুধবার বিকেলে দুটি মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল নাগাদ TR 02 L 1926 নম্বরের একটি বোলেরো মালবাহী গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা TR 02 J1860 নম্বরের একটি চার চাকার জিতু মালবাহী গাড়ির সংঘর্ষ ঘটে।এই দুর্ঘটনায় জিতু গাড়িতে থাকা অরবিন সাহানি নামক ৪০ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হন। তার বাড়ি বিহার রাজ্যে হলেও তিনি কর্মসূত্রে বহু বছর ধরে কুমারঘাটের উত্তর পাবিয়াছড়া এলাকায় বসবাস করে আসছেন।দুর্ঘটনার পর স্থানীয়রা আহত অরবিনকে উদ্ধার করে দ্রুত কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কৈলাশহর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে বলে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন।
জিবি হাসপাতালে ভারত মাতৃকেন্দ্র ও কামনায়ক সেন্টার হাউসের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি: আগরতলা জিবি হাসপাতালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারত মাতৃকেন্দ্র ও কামনায়ক সেন্টার হাউসের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বুধবার আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব চিরঞ্জীবী, আগরতলা পুর নিগমের মেয়রসহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানের শুরুতে জিবি হাসপাতাল সংলগ্ন এলাকায় ফিতা কেটে নবনির্মিত কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। উদ্বোধনের পর তিনি কেন্দ্রটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং প্রতিটি রুম পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে কেন্দ্রের পরিকাঠামো, পরিষেবা ব্যবস্থা এবং রোগী ও সাধারণ মানুষের জন্য কী কী সুবিধা থাকবে, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।নতুন এই কেন্দ্রের উদ্বোধনের ফলে জিবি হাসপাতাল চত্বরে সংশ্লিষ্ট পরিষেবা আরও সুসংগঠিত হবে বলে আশা করা হচ্ছে। হাসপাতালের চিকিৎসা পরিষেবার পাশাপাশি রোগী ও তাঁদের পরিবারের সুবিধার কথা মাথায় রেখে এই ধরনের পরিকাঠামো আরও উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানান, নতুন কেন্দ্রটি হাসপাতালমুখী মানুষের বিভিন্ন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মুখ্যমন্ত্রীও হাসপাতালের সামগ্রিক পরিষেবার মান আরও উন্নত করার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, স্বাস্থ্য সচিব কিরনগীতি আগরতলা পুর নিগমের মেয়রসহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে জিবি হাসপাতাল চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন প্রদেশ কার্যালয় করলেন মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা
নিজস্ব প্রতিনিধি: মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। এই উপলক্ষে বিজেপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি, আগরতলা পুর নিগমের মেয়রসহ দলের অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা।অনুষ্ঠানের শুরুতেই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। পরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ত্রিপুরার ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি ও পরিকাঠামো গঠনে মহারাজার গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।মুখ্যমন্ত্রী বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকারদের অন্যতম। তাঁর দূরদর্শী চিন্তাভাবনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে ত্রিপুরার অগ্রগতির ভিত্তি আরও শক্তিশালী হয়েছিল। শিক্ষা বিস্তার, নগর পরিকল্পনা, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে তাঁর অবদান আজও স্মরণীয়।বক্তব্যে মুখ্যমন্ত্রী আরও বলেন, মহারাজার কর্মধারা ও দূরদর্শিতা বর্তমান প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস। তাঁর দেখানো পথ অনুসরণ করে রাজ্যের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।এদিনের অনুষ্ঠানে রাজ্য সভাপতি ও মেয়রসহ বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং কার্যকর্তারা উপস্থিত ছিলেন। সকলেই মহারাজার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর অবদান ও স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার আহ্বান জানান। জন্মবার্ষিকীর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের অবিচ্ছেদ্য সম্পর্ক আরও একবার স্মরণ করা হয়।
তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ আগস্ট:ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে আনন্দবাজারের রাজনগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাত প্রায় ১১টা নাগাদ নাবালিকাদের নিয়ে যাওয়ার সময় এক যুবককে স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশের হাতে তুলে দেন বলে জানা যায়।আটক যুবকের নাম সোহেল উদ্দিন। পরবর্তীতে নাবালিকা ও ঐ যুবককে ধর্মনগর মহিলা থানায় পাঠানো হয় বলে স্থানীয় সূত্রে দাবি। নাবালিকা পাচারের অভিযোগে লিখিত মামলা করার উদ্যোগ নেওয়া হলেও ধর্মনগর মহিলা থানা অভিযোগ গ্রহণে গড়িমসি করেছে বলেও অভিযোগ উঠেছে। পরে নাবালিকাদের বাগবাসা থানায় পাঠানো হয় বলে জানা গেছে।ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের দাবি, নাবালিকাদের আনন্দবাজারের রাজনগর এলাকায় আটক করা হলে অভিযোগ গ্রহণ ও তদন্তের প্রাথমিক পদক্ষেপ সেখানেই নেওয়া উচিত ছিল।তবে প্রকৃতপক্ষে নাবালিকাদের কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল,এবং ঐ যুবকের প্রকৃত উদ্দেশ্য কী ছিল এবং পাচারের কোনো ঘটনা ঘটেছে কি না—তা তদন্তের পরই স্পষ্ট হবে। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আটক যুবককে দোষী বলা যায় না। নাবালিকাদের নিরাপত্তা ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।এখন দেখার বিষয় সংশ্লিষ্ট প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে।
কদমতলায় জাতীয় পতাকা উত্তোলনে বাধার অভিযোগ, তেলিয়ামুড়ায় ABVP-র ঝাঁঝালো বিক্ষোভ!
নিজস্ব প্রতিনিধি: গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন উত্তর ত্রিপুরা জেলার কদমতলা এলাকায় একটি বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর কার্যকর্তাদের ওপর হামলা এবং পতাকা উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে এবার গোটা রাজ্যজুড়ে সরব হয়েছে ABVP।তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তেলিয়ামুড়া নগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক ঝাঁঝালো বিক্ষোভ মিছিল। তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্র মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে অম্পি চৌমুহনি এলাকায় গিয়ে সমাপ্ত হয়।মিছিলে উপস্থিত ছিলেন ABVP-র তেলিয়ামুড়া নগর শাখার সম্পাদক তথা খোয়াই জেলার সংযোজক বিপ্রজিত দাস সহ সংগঠনের একাধিক কার্যকর্তা ও নেতৃত্ব। হাতে জাতীয় পতাকা এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান নিয়ে মিছিলকারীরা কদমতলার ঘটনার তীব্র প্রতিবাদ জানান।সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃত্ব বিপ্রজিত দাস অভিযোগ করেন, স্বাধীনতা দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ দিনে ABVP-র কার্যকর্তাদের জাতীয় পতাকা উত্তোলনে বাধা দেওয়া এবং তাঁদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তাঁর অভিযোগ, এই ঘটনার নেপথ্যে সিপিআইএমের সন্ত্রাস বাহিনী জড়িত।তিনি আরও বলেন, জাতীয় পতাকার মর্যাদা রক্ষার প্রশ্নে কোনও আপস করা হবে না। পাশাপাশি অভিযুক্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।কদমতলার ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই ABVP-র এই বিক্ষোভ মিছিল তেলিয়ামুড়ার রাজনৈতিক মহলে নতুন করে চর্চার সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, এই অভিযোগের ভিত্তিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী পদক্ষেপ গ্রহণ করে।
আলগাপুর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে এক বাড়িতে ডাকাতি
নিজস্ব প্রতিনিধি:সোমবার গভীর রাতে ধর্মনগর থানাধীন আলগাপুর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে এক বাড়িতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য! ঘটনায় আক্রান্ত হয়েছেন বাড়ির গৃহবধূ পায়েল রায়। তাঁর মাথায় আঘাত করে এবং অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে বাড়ি থেকে সোনার অলংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।জানা যায়, ওই এলাকার বাসিন্দা বিক্রমজিৎ রায় পেশায় টমটম চালক। সোমবার রাতে কাজের সূত্রে তিনি ধর্মনগরে ছিলেন। রাত প্রায় ১১টার সময় বাড়ির দরজায় কেউ ইশারা করলে তাঁর স্ত্রী পায়েল রায় মনে করেন, তাঁর স্বামী বাড়িতে ফিরেছেন। সেই অনুযায়ী দরজা খুলতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁর মাথায় আঘাত করে। আঘাতের ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন বলে অভিযোগ।এ সময় বিক্রমজিৎ রায়ের ভাই ও তাঁর স্ত্রী পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে ১২টার দিকে বিক্রমজিৎ বাড়িতে ফিরে দেখেন, বাইরের ও ঘরের আলো নিভানো। ঘরে ঢুকে তিনি দেখতে পান, তাঁর স্ত্রী পায়েলের মুখ ওড়না দিয়ে বাঁধা অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এবং তাঁর ভাই ও ভাইয়ের স্ত্রী ঘটনাস্থলে ছুটে আসেন।পরে পায়েল রায়কে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর মঙ্গলবার তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়।পায়েল রায় জানান, ঘটনার সময় অন্ধকার থাকায় তিনি হামলাকারীদের কাউকে চিনতে পারেননি। তাঁর অভিযোগ, দুষ্কৃতীরা প্রথমে তাঁর মাথায় আঘাত করে, পরে মুখ চেপে ধরে ওড়না দিয়ে মুখ ও গলা বাঁধার চেষ্টা করে। পাশাপাশি অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে বাড়িতে থাকা সোনার অলংকার ও নগদ টাকা নিয়ে যায়।ঘটনার খবর পেয়ে রাতেই ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। চোরের দলকে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Top News
View All →রাজ্যভিত্তিক নাটক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান
August 22nd, 2026
উত্তর গেইট সংলগ্ন দেবেশ রয়ের বাড়িতে অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য!
August 22nd, 2026
চুরি মামলায় বড় সাফল্য পূর্ব থানার পুলিশের
August 22nd, 2026
ব্যবসায়ী শাহাজান মিয়ার বাড়িতে ইডির অভিযান, সকাল থেকেই তল্লাশি
August 19th, 2026
দুটি পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক। কুমারঘাট ব্লক চৌমুহনিতে বুধবার এই দুর্ঘটনা ঘটে
August 19th, 2026
জিবি হাসপাতালে ভারত মাতৃকেন্দ্র ও কামনায়ক সেন্টার হাউসের উদ্বোধন
August 19th, 2026