নিজস্ব প্রতিনিধি: লংথারাইভ্যালি মহকুমার ছৈলেংটা ফিসারী পাড়া এসবি স্কুল প্রাঙ্গণ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম অজয় চাকমা (২৭)। তাঁর পিতার নাম লক্ষ্মী কুমার চাকমা এবং বাড়ি ছৈলেংটা দারোগা পাড়া।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল প্রায় ৪টার দিকে এলাকাবাসী তাকে শেষবার দেখতে পান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে স্কুল প্রাঙ্গণে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।এলাকাবাসীর দাবি, অজয় চাকমা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নিয়মিত নেশাজাতীয় দ্রব্য সেবন করতেন। ঘটনাস্থল থেকে ড্রাগস সেবনের কিছু সরঞ্জামও উদ্ধার হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে অতিরিক্ত মাদক সেবন বা ওভারডোজের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত নয়।মৃত্যুকালে তিনি রেখে গেছেন তাঁর চার বছর বয়সী এক পুত্র সন্তান, স্ত্রী, মা ও বাবা। অজয় চাকমার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এবং গোটা এলাকায় শোকের আবহ বিরাজ করছে।ত্রিপুরায় বাড়তে থাকা মাদকাসক্তি আবারও কেড়ে নিল এক যুবকের প্রাণ—এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।