নিজস্ব প্রতিনিধি: উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার অন্তর্গত রামনগর এলাকায় দীর্ঘদিনের পানীয় জলের সংকটকে কেন্দ্র করে শনিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এক মাসেরও বেশি সময় ধরে বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভুগছেন বলে অভিযোগ এলাকাবাসীর। সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এলাকার মহিলারা একত্রিত হয়ে আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন।স্থানীয় সূত্রে জানা যায়, রামনগর এলাকায় একটি জল পরিশোধন প্রকল্প (ওয়াটার প্ল্যান্ট) থাকলেও সেখান থেকে নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণে পানীয় জল সরবরাহ করা হচ্ছে না। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বারবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেও কোনও কার্যকর পদক্ষেপ না হওয়ায় ক্ষুব্ধ মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ ও অবরোধে সামিল হন।অবরোধের ফলে জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। পরে প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরাও ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।প্রশাসনের আশ্বাসের পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর ধীরে ধীরে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।তবে এলাকাবাসীর দাবি, শুধু আশ্বাস নয়, অবিলম্বে নিয়মিত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।এই ঘটনাকে কেন্দ্র করে রামনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পানীয় জল সরবরাহ ব্যবস্থার উপর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।