নিজস্ব প্রতিনিধি; নেশা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল খোয়াইয়ের বাইজালবাড়ি থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিলাসবহুল মারুতি গাড়ির তেলের ট্যাংকারের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে ১৪২ বোতল ফেনসিডিল। ঘটনায় গাড়িটি আটক করার পাশাপাশি চালককেও আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, বিগত কয়েকদিন ধরেই বাইজালবাড়ি থানার ওসি সমরেশ চাকমার কাছে খবর আসছিল যে গভীর রাতে বিলাসবহুল মারুতি গাড়ির মাধ্যমে নেশাজাতীয় সামগ্রী পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ গোটা বিষয়টির উপর নজরদারি শুরু করে।
এরই মধ্যে রবিবার ফের গোপন সূত্রে খবর আসে, একটি বিলাসবহুল মারুতি গাড়িতে করে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে বাইজালবাড়ি থানার পুলিশ। ওসি সমরেশ চাকমা এবং সেকেন্ড ওসি তিলক জমাতিয়ার নেতৃত্বে বেলফাং নাকায় শুরু হয় বিশেষ অভিযান।অভিযানের সময় TR 01 CH 0592 নম্বরের একটি বিলাসবহুল মারুতি গাড়ি আটক করে পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালাতেই তেলের ট্যাংকারের ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার হয় মোট ১৪২ বোতল ফেনসিডিল। ঘটনায় গাড়িসহ চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।উদ্ধার হওয়া ফেনসিডিল ও গাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি আটক চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য সংক্রান্ত আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার অভিযুক্ত চালককে খোয়াই জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে।বাইজালবাড়ি থানার পুলিশের এই অভিযানে ফের একবার নেশা কারবারীদের বিরুদ্ধে পুলিশের সক্রিয় ভূমিকার বিষয়টি সামনে এসেছে। নেশাজাতীয় সামগ্রী পাচারের এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।