নিজস্ব প্রতিনিধি: গণেশ পূজা উপলক্ষে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতি বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। তিনি আশা প্রকাশ করেন, ভগবান গণেশের আশীর্বাদে বিরোধীদের সুবুদ্ধির উদয় হবে এবং সমাজে নেতিবাচক ও নাস্তিকতার পরিবেশ পরিহার করে ইতিবাচক ও আস্তিকতার পরিবেশ গড়ে তোলার দিকে সবাই এগিয়ে আসবেন।মুখ্যমন্ত্রী বলেন, গণেশ পূজা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। ভগবান গণেশকে জ্ঞান, বুদ্ধি, শুভবুদ্ধি ও মঙ্গলময়তার প্রতীক হিসেবে পূজা করা হয়। তাই এই পবিত্র দিনে সকলের মধ্যে শুভবুদ্ধি, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে উঠুক—এটাই তাঁর প্রত্যাশা।বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আহ্বান, রাজনৈতিক বিরোধিতা থাকলেও সমাজ ও মানুষের স্বার্থে ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে আসা উচিত। নাস্তিকতার পরিবেশ থেকে বেরিয়ে আস্তিকতা, আস্থা, নীতি ও মূল্যবোধের পরিবেশে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।গণেশ পূজার এই শুভক্ষণে রাজ্যের সকল মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন মুখ্যমন্ত্রী।