সালেমা, ১৮ জুন (পলাশ নমঃশূদ্র): ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার ধলাই জেলার সালেমা টাউন হলে “খেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক কৃষি” বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষকদের স্বনির্ভর করে তোলা, মাটির উর্বরতা রক্ষা, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রসার ঘটানোর লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ, মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাস পাল, সহকারী সভাধিপতি অনাদি সরকার, জেলা পরিষদের কৃষি স্থায়ী সমিতির সভানেত্রী দীপ্তি দেববর্মা রক্ষিত, সালেমা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ননী গোপাল কর, সালেমা বিএসি-র চেয়ারম্যান বিমল দেববর্মা, সালেমা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব পোদ্দারসহ বহু বিশিষ্ট ব্যক্তি ও প্রগতিশীল কৃষক হরেন্দ্র দাস
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা চারা গাছে জল দিয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা দেন। প্রাকৃতিক কৃষি, আধুনিক কৃষি প্রযুক্তি এবং সরকারি কৃষি প্রকল্প নিয়ে বিভিন্ন তথ্যসমৃদ্ধ স্টল প্রদর্শন করা হয়। কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে বিশেষজ্ঞরা প্রাকৃতিক কৃষির বিভিন্ন দিক তুলে ধরেন।অনুষ্ঠানের শেষে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন কৃষি সখীর হাতে প্রশংসাপত্র তুলে দেন অতিথিরা। জেলার কৃষকদের মধ্যে প্রাকৃতিক কৃষির প্রসার এবং টেকসই কৃষি ব্যবস্থার বিকাশে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।